২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিবিয়ানায় লাইনে ত্রুটি, গ্যাস বন্ধ ১০ ঘণ্টা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রের পাইপলাইনে ত্রুটির কারণে প্রায় দশ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকায় ব্যাপক ভোগান্তি পোহাতে হয়েছে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2013, 05:17 AM

Updated : 23 Aug 2022, 11:03 AM

শনিবার সন্ধ্যায় বিবিয়ানার প্রসেসিং প্ল্যান্টের একটি গাসকেটে ত্রুটির কারণে গ্যাস নির্গত হতে শুরু করলে এই ক্ষেত্রের দায়িত্বে থাকা আমেরিকান কোম্পানি শেভরন প্ল্যান্ট বন্ধ রেখে মেরামত শুরু করে। 

মেরামত শেষে সকাল থেকে আবার গ্যাস সরবরাহ শুরু হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান পেট্রোবাংলার চেয়ারম্যান  হোসেন মনসুর।

দীর্ঘ সময় গ্যাস বন্ধ থাকায় সব শ্রেণির গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।

ঢাকায় গ্যাস সরবরাহের দায়িত্বে থাকা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নওশাদ ইসলাম সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্যাসের চাপ সরবরাহ আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসছে। রাতের মধ্যেই পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে বলে আমরা আশা করছি।”

তিতাসের তথ্য অনুযায়ী,  রাজধানীতে তাদের আওতাধীন এলাকায় দৈনিক গ্যাসের চাহিদা প্রায় দেড়শ কোটি ঘনফুটের মতো। এর মধ্যে ১৩০ কোটি ঘনফুটের মতো সরবরাহ পাওয়া যায়, যার একটি বড় অংশ আসে হবিগঞ্জের বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে।

যুক্তরাষ্ট্রের কোম্পানি শেভরনের দায়িত্বে থাকা এই ক্ষেত্র থেকে প্রতিদিন গড়ে ৮০ কোটি  ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হয়।

তিতাসের পরিচালক (অপারেশনস) মীর মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সন্ধ্যার পর বিবিয়ানা ক্ষেত্রের গ্যাস প্রসেসিং প্ল্যান্টের একটি গাসকেটে ত্রুটি দেখা দেয় এবং গ্যাস নির্গত হতে শুরু করে।

সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিষয়টি ধরা পড়লে শেভরণ কর্তৃপক্ষ পুরো প্ল্যান্ট বন্ধ রেখে মেরামত শুরু করে। ভোর ৪টার দিকে মেরামত শেষ হলে সকাল ৬টার পর জাতীয় গ্রিডে আবার সরবরাহ শুরু হয়।  

শেভরনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, বিবিয়ানায় সকাল থেকে আবার পুরো মাত্রায় উৎপাদন শুরু হয়েছে।  নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই রাতে প্ল্যান্ট বন্ধ রাখা হয়েছিল।

এদিকে সরবরাহ লাইন বন্ধ থাকায় শনিবার রাত থেকেই রাজধানীর  বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে দেখা দেয় গ্যাস সঙ্কট। রোববার সকাল থেকে ধানমন্ডি, মোহাম্মদপুর, বেইলিরোড, খিলগাঁও, মতিঝিল, বাড্ডা, মগবাজার, মহাখালী , কাজীপাড়াসহ বিভিন্ন স্থানের বাসিন্দারা  টেলিফোন করে বাসায় গ্যাস না থাকার বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।      

মোহাম্মদপুর হাউজিং লিমিটেডের বাসিন্দা রাকিব উল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোর থেকেই আমার বাসায় গ্যাস নেই। আমার অফিস মহাখালীতে। শুনেছি সেখানেও গ্যাস নেই।”

কাজীপাড়া ও বাড্ডায় তার দুই আত্মীয়র বাসায়ও সকালে চুলা জ্বলেনি বলে জানান বেসরকারি প্রতিষ্ঠানের এই কর্মকর্তা।

খিলগাঁওয়ের বাসিন্দা ফয়িমউদ্দিন ফাহিম বলেন, “সকালে ঘুম থেকে উঠেই দেখি চুলায় গ্যাস নেই। মতিঝিল, মগবাজার, বেইলি রোডেও গ্যাস পাওয়া যায়চ্ছে না বলে খবর পেয়েছি।”

সকাল থেকে গ্যাস সঙ্কটে ভুগতে হয় চট্টগ্রামের বিভিন্ন এলাকার বাসিন্দাদেরও।

নগরীর জামাল খান বাই লেনের বাসিন্দা সুস্মিতা দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকালে ঘুম থেকে উঠে চুলায় গরম পানি চড়াতেই গ্যাসের চাপ কমে যায়। সকাল সোয়া ৮টার দিকে গ্যাস পুরোপুরি বন্ধ হয়ে যায়।

নগরীর আসকারদিঘী এলাকার গৃহিনী আশরফা খানম বলেন, “সকাল থেকে গ্যাস না থাকায় রান্না হয়নি। সকাল ৭টা থেকে বিদ্যুৎও নেই। ফলে মোটরে পানি তোলা যাচ্ছে না। সব মিলিয়ে ভোগান্তির একশেষ।”

গ্যাস না থাকায় বাসাবাড়ির পাশাপাশি অধিকাংশ হোটেলেও চুলা বন্ধ হয়ে যায়। তবে তারা বিকল্প ব্যবস্থায় রান্না করেন।

নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকায় অবস্থিত পায়রা হোটেলের ব্যবস্থাপক স্বপন শীল জানান, সকাল ৯টার পর থেকে কাঠের লাকড়ি ব্যবহার করতে হয়েছে তাদের। ফলে চাহিদা অনুযায়ী রান্না করাও সম্ভব হয়নি।

নগরীর আন্দরকিল্লা, জামালখান, এনায়েতবাজার, জুবিলি রোড, আসকার দিঘীর পাড়, পাথরঘাটা, বহদ্দারহাট, মুরাদপুর, আগ্রাবাদ, লালখান বাজার, নাসিরাবাদ, মাস্টারপুল, বাকলিয়াসহ অধিকাংশ এলাকার চিত্র ছিল একই রকম।

গ্যাসের অভাবে শনিবার রাতেই চট্টগ্রামের রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

ওই ইউনিটের উৎপাদন ক্ষমতা ২১০ মেগাওয়াট হলেও পুরনো হয়ে যাওয়ায় সর্বোচ্চ ১৮০ মেগাওয়াট বিদ্যুৎপাওয়া যায়। 

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল)  কর্মকর্তারা বলছেন, বিবিয়ানা পাইপ লাইনের ত্রুটির কারণেই এ সংকট।

কেডিজিসিএলের তথ্য অনুযায়ী, সার কারখানা, আবাসিক, শিল্প কারখানা, বিদ্যুৎকেন্দ্র মিরিয়ে চট্টগ্রামে প্রতিদিন গড়ে প্রায় ৪০ কোটি ঘনফুট চাহিদার বিপরীতে পাওয়া যায় ২০.৫ থেকে ২১ কোটি ঘনফুট গ্যাস।

সেখানে বিবিয়ানার ত্রুটির কারণে রোববার দুপুর নাগাদ মাত্র ১০.৮ কোটি ঘনফুট গ্যাস পাওয়া যায়। সেই গ্যাসেরও চাপ ছিল খুবই কম।

তিতাসের পরিচালক মশিউর জানান, সরবরাহ বন্ধ থাকলেও পাইপে থেকে যাওয়া গ্যাস দিয়ে তিতাসের আওতাধীন এলাকার বিদ্যুৎ কেন্দ্রগুলোর সরবরাহ ঠিক রাখার চেষ্টা করেছেন তারা।

ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নওশাদ ইসলাম সন্ধ্যায় বিডিনিউজন টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকেলের মধ্যেই আবাসিকে গ্যাস সরবরাহ স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। তবে শিল্প ও পরিবহনে গ্যাসের পুরোপুরি চাপ আসতে আরো সময় লাগবে।”

পুরনো খবর:

গ্যাস সঙ্কটে বন্ধ রাউজানের একটি ইউনিট
পেট্রোবাংলা চেয়ারম্যানের দুঃখ প্রকাশ