পেট্রোবাংলা চেয়ারম্যানের দুঃখ প্রকাশ
দীর্ঘ সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর।
তিনি বলেছেন, বিবিয়ানা ক্ষেত্রের গ্যাস প্রসেসিং প্ল্যান্টের পাইপ লাইনের ত্রুটি থেকে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হতে পারত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিবিয়ানা ক্ষেত্রের গ্যাস প্রোসেসিং প্ল্যান্টে ‘লিক’ হয়। বিষয়টি ধরা পড়ার পর রাতেই প্ল্যান্ট বন্ধ করে দিয়ে শুরু হয় মেরামত। ভোর ৪টার দিকে মেরামত শেষ হলে সকাল ৬টার আবার সরবরাহ শুরু করা হয়।
বিবিয়ানার কারিগরি ত্রুটি ‘সফলভাবে’ মেরামত করা সম্ভব হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী সাংবাদিকদের বলেন, রোববার দিনের মধ্যেই ঢাকার সব স্থানে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে তারা আশা করছেন।
ঢাকায় গ্যাস সরবরাহের দায়িত্বে থাকা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের তথ্য অনুযায়ী, রাজধানীতে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় দেড়শ কোটি ঘনফুটের মতো। এর মধ্যে ১৩০ কোটি ঘনফুটের মতো সরবরাহ পাওয়া যায়, যার একটি বড় অংশ আসে হবিগঞ্জের বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে।
যুক্তরাষ্ট্রের কোম্পানি শেভরনের দায়িত্বে থাকা এই ক্ষেত্র থেকে প্রতিদিন গড়ে ৮০ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হয়।
সরবরাহ লাইন বন্ধ থাকায় শনিবার রাত থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে দেখা দেয় গ্যাস সংকট। রোববার সকাল থেকে ধানমন্ডি, মোহাম্মদপুর, বেইলিরোড, খিলগাঁও, মতিঝিল, বাড্ডা, মগবাজার, মহাখালী , কাজীপাড়াসহ বিভিন্ন স্থানের বাসিন্দারা টেলিফোন করে চুলায় গ্যাস না থাকার বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, দেশের সবচেয়ে গ্যাসক্ষেত্রে বিবিয়ানায় মজুদের পরিমাণ ৬ দশমিক ৬ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ), যার মধ্যে ৪ দশমিক ৪ টিসিএফ উত্তোলনযোগ্য গ্যাস।
