গ্যাস সঙ্কটে বন্ধ রাউজানের একটি ইউনিট
বিবিয়ানায় পাইপ লাইনে ত্রুটির কারণে গ্যাস সঙ্কটে বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট।
এই ইউনিটের উৎপাদন ক্ষমতা ২১০ মেগাওয়াট হলেও পুরনো হয়ে যাওয়ায় সর্বোচ্চ ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়।
মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্যাসের চাপ কমে যাওয়ায় ওই ইউনিট চালানো সম্ভব হচ্ছিল না।”
একই কারণে এক নম্বর ইউনিট থেকেও মাত্র ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে বলে পিডিবি কর্মকর্তারা জানান।
পুরোপুরি চালু থাকলে রাউজানের এ দুটি ইউনিট থেকে ২৬০ মেগাওয়াটের মতো বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়।
শনিবার সন্ধ্যার পর বিবিয়ানা ক্ষেত্রের গ্যাস প্রসেসিং প্ল্যান্টের একটি গাসকেটে ত্রুটি দেখা দেয়ায় প্ল্যান্ট বন্ধ রেখে সারা রাত মেরামত কাজ চলে। ভোর ৪টার দিকে মেরামত শেষ হলে সকাল ৬টার পর জাতীয় গ্রিডে আবার সরবরাহ শুরু হয়।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) কর্মকর্তারা বলছেন, এই দীর্ঘ সময় গ্যাস বন্ধ থাকায় ঢাকার মতো চট্টগ্রামেও সঙ্কট দেখা দেয়।
বন্দরনগরীর বিভিন্ন এলাকার বাসিন্দাদের সকাল থেকেই গ্যাসের অভাবে ভোগান্তিতে পড়তে হয়।
কেডিজিসিএলের তথ্য অনুযায়ী, সার কারখানা, আবাসিক, শিল্প কারখানা, বিদ্যুৎকেন্দ্র মিরিয়ে চট্টগ্রামে প্রতিদিন গড়ে প্রায় ৪০ কোটি ঘনফুট চাহিদার বিপরীতে পাওয়া যায় ২০.৫ থেকে ২১ কোটি ঘনফুট গ্যাস।
সেখানে বিবিয়ানার ত্রুটির কারণে রোববার দুপুর নাগাদ মাত্র ১০.৮ কোটি ঘনফুট গ্যাস পাওয়া যায়। সেই গ্যাসেরও চাপ ছিল খুবই কম।
কেডিজিসিএর কর্মকর্তা শহীদ আলী আশা করছেন, বিকাল থেকে পর্যায়ক্রমে গ্যাসের চাপ বাড়লে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।
এদিকে শিকলবাহা বিদ্যৎ কেন্দ্রের গ্যাস চালিত দুটি ইউনিটও বেশকিছু দিন ধরে বন্ধ রয়েছে।
কর্মকর্তারা বলছেন, রাউজান ও শিকলবাহার চার ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের জন্য ১৩৭ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন হলেও অধিকাংশ সময়ই তা পাওয়া যায় না।
