২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধার কবরে জাতীয় সম্মান দেয়ার নির্দেশ

দাফনের আগে রাষ্ট্রীয় সম্মান না দেয়ায় এক ‍মুক্তিযোদ্ধাকে কবরে মরণোত্তর সম্মান জানানোর নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2013, 11:41 AM

Updated : 23 Aug 2022, 11:02 AM

গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদ আমলে নিয়ে গত বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের বেঞ্চ একটি আদেশ দিয়েছিলো।

ওই আদেশের লিখিত রূপে মুক্তিযোদ্ধার কবরে রাষ্ট্রীয় সম্মান দেয়ার এই নির্দেশনা আসে। বৃহস্পতিবার আদেশের লিখিত অনুলিপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে এসেছে।

লিখিত আদেশে বলা হয়, একজন মৃত মুক্তিযোদ্ধাকে সাধারণত যে ধরনের সম্মান দেয়া হয়, সে অনুসারে পূর্ণ মরণোত্তর সম্মান ওই মুক্তিযোদ্ধার কবরে দেয়ার জন্য বিবাদীদের নির্দেশনা দেয়া হল।

এই আদেশের ফলে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার নলামারা গ্রামের দরিদ্র মুক্তিযোদ্ধা ময়েন উদ্দিনকে মরণোত্তর সম্মান দিতে হবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, রাজশাহীর উপমহাপরির্দশক, নড়াইলের জেলা প্রশাসক, জেলার পুলিশ সুপার, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নড়াগাতী থানার ওসিকে এই উদ্যোগ নিতে হবে।

গত সোমবার ময়েন উদ্দিন মারা যাওয়ার পর নড়াগাতী থানায় জানানোর পরও রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার কোনো উদ্যোগ নেয়নি পুলিশ।

এনিয়ে গত ১২ জুন দৈনিক কালের কণ্ঠে একটি প্রতিবেদন প্রকাশ হলে তা দেখে আদালত স্বতপ্রণোদিত আদেশ দেয়।

প্রতিবেদনটি আদালতের নজরে আনেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, অ্যাডভোকেট মো. আমিরুল হক তুহিন ও জায়েদী হাসান খান।

কালের কণ্ঠের প্রতিবেদনে বলা হয়, খবর জানার পরও কোনো পদক্ষেপ না নিয়ে ক্যারাম খেলায় ব্যস্ত ছিলেন নড়াগাতীর থানার ওসি।

হাই কোর্ট ওই ওসিকে আগামী ৯ জুলাই আদালতে হাজির হতে বলেছে। তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না, সেই রুল জারি করেছে আদালত। 

চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বিবাদীদের বলা হয়েছে।

পাশাপাশি এই ঘটনার তদন্ত করতে বলা হয়েছে নড়াইলের পুলিশ সুপারকে। কালের কণ্ঠে প্রতিবেদন প্রকাশের পর কী কী পদক্ষেপ নেয়া হয়েছে, তা জানিয়ে একটি প্রতিবেদন ৯ জুলাইয়ের মধ্যে আদালতে দিতে বলা হয়েছে।

পাশাপাশি কালের কণ্ঠের সম্পাদক ও প্রকাশককে খবরের সত্যতা সম্পর্কে একটি এভিডেভিট দিয়ে ৯ জুলাই আদালতকে জানাতে বলা হয়।