খুলনায় বৃক্ষমেলা
গাছ লাগিয়ে ভরবো এ দেশ, তৈরি করবো সুখের পরিবেশ” শ্লোগান নিয়ে খুলনায় শুরু হয়েছে বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা।
মঙ্গলবার সকালে মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুল জলিল। এ সময় বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন তিনি।
নগরীর শহীদ হাদিস পার্কে ২০ দিনব্যাপী এই মেলা সম্মিলিতভাবে আয়োজন করেছে জেলা প্রশাসন, সুন্দরবন পশ্চিম বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
মেলা চলবে ৭ জুলাই পর্যন্ত। মেলায় ৫২টি স্টলে গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মেলা।
উদ্বোধনী অনুষ্ঠানে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় কমিশনার আব্দুল জলিল বলেন, “ফরমালিনমুক্ত ফল খাওয়ার জন্য আমাদের বেশি করে গাছ লাগাতে হবে।”
খুলনা সার্কেলের বন সংরক্ষক জহির হোসেন খন্দকারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার এসএম সফিউল্লাহ, পরিবেশ অধিদপ্তরে পরিচালক ড. তরুণ কান্তি শিকদার, কৃষি অধিদপ্তরের উপ পরিচালক মো. আব্দুল আজিজ এবং জিআইজেড প্রকল্পের সিনিয়র অ্যাডভাইজার কারস্টেন শ্রোয়েডার।
এর আগে সকালে সার্কিট হাউজ চত্বর থেকে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
