২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এই ফল সরকারের ব্যর্থতার প্রকাশ: বিএনপি

চার সিটি কর্পোরেশনে ভোটের ফলাফলকে সরকারের জন্য ‘সতর্ক সংকেত’ হিসেবে মহাজোটের শরিক দলের একজন নেতা অভিহিত করলেও বিএনপি বলছে, এটি সরকারের ব্যর্থতাকে নির্দেশ করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2013, 02:49 PM

Updated : 23 Aug 2022, 11:00 AM

রোববার বিবিসি বাংলাদেশ সংলাপে আলোচকরা এই বক্তব্য দেন।

বাংলা একাডেমী মিলনায়তনে আয়োজিত এ সংলাপে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ার্কার্স পার্টির প্রেসিডেন্ট রাশেদ খান মেনন, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ, সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন এবং খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রোখসানা খন্দকার।

চারটি সিটি কর্পোরেশন নির্বাচনেই আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীদের পরাজয় কি মহাজোট সরকারের প্রতি মানুষের অনাস্থার প্রতিফলন কি না- এমন প্রশ্নের জবাবে রাশেদ খান মেনন বলেন, “এটা অনাস্থা না, সরকারের জন্য সতর্কবানী। আমরা একটা ভালো নির্বাচন করতে পেরেছি। এখানে স্থানীয় উন্নয়নের বিষয়গুলো ছাড়া জাতীয় ইস্যুগুলো প্রভাব ফেলেছে। এ নির্বাচন প্রমাণ করে দিয়েছে, আমরা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করতে পারি।”

জাতীয় নির্বাচনের মাত্র ছয় মাস বাকি থাকতে শনিবার চার সিটি কর্পোরেশনের ভোটে ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী সিলেটে বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী, বরিশালে আহসান হাবিব কামাল, রাজশাহীতে মোসাদ্দেক হোসেন বুলবুল ও খুলনায় মনিরুজ্জামান মনি বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন।

চার শহরেই গত মেয়াদে মেয়রের দায়িত্ব পালন করা চার আওয়ামী লীগ নেতা পরাজিত হয়েছেন ১৭ থেকে ৬০ হাজার ভোটের ব্যবধানে।

হান্নান শাহ বলেন, “সতর্কবানী হিসেবে ভাবলে সরকারের মনে রাখা উচিত, খেলার মাঠে একবার সতর্কবানী দেয়ার পর না শোধরালে মাঠ থেকে বের করে দেয়া হয়। অবশ্যই এ ভোটের ফলাফল সরকারের ব্যর্থতাকে নির্দেশ করে।

তবে ‘অতিদলীয়’ কারণে মহাজোটকে এ খেসারত দিতে হয়েছে বলে মন্তব্য করেন সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, “অতিদলীয় করণের খেসারত মহাজোট দিতে হলো এ নির্বাচনের মাধ্যমে। স্থানীয় না হয়ে জাতীয় বিষয় প্রাধান্য পাওয়ায় অনেক যোগ্য প্রার্থী হেরে গেছেন। এর মাধ্যমে আস্থার সংকট প্রকাশ পেয়েছে।”

রোখসানা খন্দকার বলেন, “আমাদের দেশে জনগণের ক্ষমতাই আসল ক্ষমতা। এই নির্বাচনে জনগণ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পেরেছে। তাদের মতের প্রতিফলন ঘটেছে।”

সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের বিজয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে দুর্বল করে দিবে কি না- প্রশ্নের জবাবে হান্নান শাহ বলেন, “সরকারের ব্যর্থতার কথা তুলে ধরে আমরা জনগণের কাছ থেকে ভোট পেয়েছি। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আরো স্পষ্ট হলো। আমাদের ভাষ্য স্পষ্ট। আগামী নির্বাচন আমরা নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে চাই। এ স্থানীয় সরকারের নির্বাচনে জাতীয় রাজনীতির প্রভাব থাকলেও জাতীয় নির্বাচন কিন্তু অনেক ব্যাপক।”

রাশেদ খান মেনন বলেন, “এ নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশন সফলতার পরিচয় দিয়েছে। এর ফলে সিদ্ধান্ত নেয়া যাবে অন্তবর্তী সরকারের গঠন কেমন হবে। এ কাঠামোয় অবশ্যই একটি নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব।”

তবে স্থানীয় নির্বাচন জাতীয় বা সংসদ নির্বাচনের সমতুল্য নয় বলে অভিমত দেন এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, “এ নির্বাচনে প্রভাবিত করা খুব কঠিন। আগামী জাতীয় নির্বাচনে দলীয় বা নির্দলীয় সরকার যারা নিরপেক্ষ বলে বিবেচিত হবে তাদের নিয়েই নির্বাচন করতে হবে।”

রোখসানা খন্দকার বলেন, “দুটো নির্বাচন সম্পূর্ণ আলাদা। তাই এ নির্বাচনের ফলে সরকারের দুর্বলতা প্রকাশ পায় না। পূর্ব অভিজ্ঞতায় দেখেছি, এ নির্বাচনে বেশিরভাগ সময়ই সরকারি দল জিততে পারেনি।”

বিবিসি বাংলা এবং বিবিসি মিডিয়া অ্যাকশন যৌথভাবে এই সংলাপের আয়োজন করে আসছে।