২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় প্রকাশ্যে খুন, প্রত্যক্ষদর্শীর হৃদরোগে মৃত্যু

নগরীতে এক বৃদ্ধকে হাতুড়িপেটা করে এবং কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2013, 06:57 AM

Updated : 23 Aug 2022, 11:00 AM

রোববার সকালে সদর থানার সিমেট্রি রোডে এ ঘটনা দেখে এ মহিলা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে স্থানীয়রা জানিয়ছেন।

হামলায় নিহত হন সিমেট্রি রোডের মো. দেলোয়ার হোসেন (৬০)।  হৃদরোগে মারা যান ভ্রাম্যমাণ আম বিক্রেতা রিজিয়া বেগম (৫৫)।

খুনের ঘটনায় পুলিশ নুরজাহান বেগম (৫০) নামে একজনকে আটক করেছে।

খুলনা সদর থানার ওসি মো. আখতার হোসেন বলেন, সিমেট্রি রোডের একটি দোতালা  বাড়ি নিয়ে দেলোয়ার হোসেন ও নুরজাহান বেগমের ছেলেদের বিরোধ চলছে প্রায় ২০ বছর ধরে।

সকাল সাড়ে ৯টার দিকে দেলোয়ার হোসেন তার  বাড়ি থেকে থেকে নেমে সামনের সিমেট্রি রোড দিয়ে যাচ্ছিলেন।

এ সময় নুরজাহান বেগমের তিন ছেলে রাজু, তাজু ও কাজু পিছন থেকে তার উপর হামলা চালায়।

তারা হাতুড়ি ও চাইনিজ কুড়াল দিয়ে দেলায়ার হোসেনের মাথায় আঘাত করে।

প্রথমে তাকে একটি বেসরকারি ক্লিনিক এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরো বলেন, দেলোয়ার হোসেনের  উপর হামলার বীভৎস অবস্থা দেখে ঘটনাস্থলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ভ্রাম্যমাণ আম বিক্রেতা রিজিয়া বেগম।

তিনি নগরীর রিয়া বাজার এলাকার বাসিন্দা।