২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফল ‘পাল্টে’ দেয়ার আশঙ্কা মনির

নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি ‘অনাস্থা’ জানিয়ে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ১৮ দলের মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান মনি ফলাফল ‘পাল্টে’ দেয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2013, 12:36 PM

Updated : 23 Aug 2022, 10:59 AM

নির্বাচনে ভোট গ্রহণ শুরুর ১৬ ঘণ্টা আগে শুক্রবার বিকালে এক সংবাদ সম্মেলনে মনি সাংবাদিকদের বলেন, “ফল পাল্টে যাওয়ার সমূহ আশঙ্কা করছি।”

খোদ ইলেকশন কমিশনই ‘ইলেকশন ইঞ্জিনিয়ারি’ এর মাধ্যমে এ কাজ করতে পারে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন বিএনপির এই নেতা।

“সাধারণ জনগণই আমাদেরকে বলছে, ভোট আমরা দেব তা আপনারা গুণে নিতে পারবেন তো? ভোট কারসাজি হতে পারে- এ ধরণের আশঙ্কা থেকেই এই কথাগুলো এসেছে।”

একইসঙ্গে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে পুনরায় সেনা মোতোয়েনের দাবি জানান মনি।

তিনি বলেন, খুলনা একটা টাচি এলাকা। একসময় এটার নাম ছিলো মৃত্যুপুরী। এমনকি তফসিল ঘোষণার পরেও শহর এবং শহরের বাইরে দুটো খুন হয়েছে। সরকারি দলের একজন ইউপি চেয়ারম্যানও খুন হয়েছেন। কিন্তু কোনো সন্ত্রাসী ধরা পড়েনি।

“আমরা বলেছিলাম অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য। কিন্তু কোনো অস্ত্র উদ্ধার হয়নি। আমরা বলেছিলাম, নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য তালিকাভূক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে। কিন্তু তা করা হযনি। সব মিলিয়ে একটা অাশঙ্কাজনক পরিস্থিতি খুলনা শহরে আছে।”

মনি বলেন, আমরা বলেছিলাম, বর্তমান প্রশাসন এসব কাজ করতে পারছে না। সন্ত্রাসীদের বিরুদ্ধে, সরকারি দলের বিরুদ্ধে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করা এদের পক্ষে সম্ভব না। সে কারণেই আমরা সেনা মোতায়েন চেয়েছিলাম।

ফলাফল যাই হোক মেনে নেবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মনি বলেন, “২৮৮টি কেন্দ্র, ভোটাররা ভোট দিয়ে কেন্দ্রের পাশেই থাকবেন। ভোটার এবং পোলিং এজেন্টরা সন্তুষ্টি জানালে আমাদের কোনো আপত্তি থাকবে না।”

এর আগে মনির পক্ষে সংবাদ সম্মেলেনে তার প্রধান নির্বাচন সম্ন্বয়কারী নজরুল ইসলাম মঞ্জু সদ্যবিদায়ী মেয়র তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে নির্বাচনে টাকা ছড়ানো, নির্বাচনে অপপ্রচার চালানো, নির্বাচনের বিধিমালা ভঙ্গের অভিযোগ আনেন।

এই অভিযোগগুলো নির্বাচন কমিশনে লিখিত আকারে দেওয়া হবে বলে জানান তিনি।

পুরনো খবর:

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশা খালেকের