২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশা খালেকের

খুলনায় নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশা প্রকাশ করেছেন মহাজোটের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2013, 02:07 PM

Updated : 23 Aug 2022, 10:59 AM

Image
মহাজোটের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক

মহাজোটের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক

শুক্রবার প্রতিদ্বন্দ্বী ১৮ দলের মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান মনি এ নির্বাচন নিয়ে ‘আশঙ্কা’ প্রকাশ করার দুই ঘণ্টার মাথায় এক সংবাদ সম্মেলনে এ আশাবাদ ব্যক্ত করেন খালেক।

তিনি বলেন, “নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে এখন পর‌্যন্ত খুলনায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এমনকি নির্বাচনী আচরণবিধি ভঙ্গের কোনো অভিযোগও পাওয়া যায়নি। এ পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই আমরা মনে করতে পারি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।”

অতীতের যেকোনো সময়ের তুলনায় খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে ‘ভালো’ দাবি করে নগর আওয়ামী লীগের সভাপতি খালেক নির্বাচনের দিন শহরের কোথাও কোনো ধরনের গোলযোগ কিংবা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার জন্য কর্মী-সমর্থকদের নির্দেশ দেন।

ফলাফল যাই হোক, মেনে নেবেন কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তালুকদার আব্দুল খালেক বলেন, “অবশ্যই মেনে নিব।”

তবে সদ্য বিদায়ী এ মেয়র তার অসমাপ্ত কাজগুলো শেষ করার জন্য আরেকবার সুযোগ দেয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

শুক্রবার বিকাল ৪টায় এক সংবাদ সম্মেলনে ১৮ দলের মেয়র প্রার্থী মনি নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি ‘অনাস্থা’ জানিয়ে নির্বাচনের ফলাফল ‘পাল্টে’ দেয়ার আশঙ্কা প্রকাশ করেন। এজন্য তিনি খোদ নির্বাচন কমিশনের দিকেই আঙ্গুল তুলেন।

এ সময় মনি সেনা মোতায়েনের পক্ষে আবারো যুক্তিও তুলে ধরেন।

কামালের এ ধরনের ‘আশঙ্কার’ প্রেক্ষিতে খালেকের প্রধান নির্বাচনী এজেন্ট মিজানুর রহমান মিজান সংবাদ সম্মেলনে বলেন, পরাজয় নিশ্চিত জেনে তারা এসব ভৌতিক কাল্পনিক কাহিনী তৈরি করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। নির্বাচনের আগেই নির্বাচন অবাধ হবে না এমন মন্তব্য করা গণতন্ত্রের জন্য সঠিক না।