২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভবনে ফাটল’, সিলেটে বিশ্ববিদ্যালয় ছুটি

‘ভবনে ফাটল’ দেখা দেয়ায় সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় একমাসের জন্য ছুটি ঘোষণা করেছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2013, 11:44 AM

Updated : 23 Aug 2022, 10:58 AM

তবে বৃহস্পতিবার সকালে লিডিং ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলেছে, বিশ্ববিদ্যালয়টি অন্যত্র স্থানান্তরের জন্য এ ছুটি দেওয়া হয়েছে।

শিক্ষার্থীরা জানান, বুধবার সন্ধ্যায় মধুবন মার্কেটের ওপরে ৬ তলায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের একাংশে ফাটল ধরে, তখন শব্দ হয়। এ সময় পাশেই একটি শ্রেণিকক্ষে এমবিএ ক্লাস চলছিল। শিক্ষার্থীরা শব্দ শুনে দৌঁড়ে এসে ফাটল দেখতে পায়।

এরপর বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বৈঠক শেষে ‘ভবন ধসের ঝুঁকি’ এড়াতে বিশ্ববিদ্যালয় একমাসের ছুটি ঘোষণা করে।

তবে ভবনে ফাটলের বিষয়টি স্বীকার করেননি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. রেজাউল করীম।

রেজাউল করীম বলেন, “সাভারে ভবন ধ্বসের পর ছাত্রদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এ ভবন থেকে বিশ্ববিদ্যালয় জুনের মধ্যে সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। এখন বিশ্ববিদ্যালয় স্থানান্তরের জন্য ছুটি দেওয়া হয়েছে।”

ভবনটির কোথাও ফাটল আছে কি না জানতে চাইলে তিনি বলেন, “আমার জানামতে কোথাও ফাটল নেই।”