ত্বকী হত্যা: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বুদ্ধিজীবীরা
নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র ত্বকী হত্যার বিচারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন দেশের বিশিষ্ট ২০ বুদ্ধিজীবী।
বুধবার সংবাদপত্রে প্রকাশের জন্য এক বিবৃতিতে তারা এই আহ্বান জানান।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম, অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ড. সনজিদা খাতুন, অধ্যাপক হাসান আজিজুল হক, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, কামাল লোহানী, সুলতানা কামাল, সৈয়দ আবুল মকসুদ, অধ্যাপক যতীন সরকার, বদিউল আলম মজুমদার, ড. হায়াৎ মামুদ, রামেন্দু মজুমদার, আলী যাকের, কবি আসাদ চৌধুরী, মামুনুর রশীদ, মফিদুল হক, আধ্যাপিকা নাসিম আক্তার হোসাইন, অধ্যাপক আনু মুহাম্মদ ও রেহেনুমা আহমেদ ওই বিবৃতিতে স্বাক্ষর করেন।
আমরা জানি আপনার আন্তরিকতা ও হস্তক্ষেপই পারে এ হত্যাকাণ্ডের বিচারকে নিশ্চিত করতে।
বিবৃতিতে বলা হয়েছে, নিরপরাধ এ কিশোরের নৃশংস হত্যাকাণ্ড দেশে ও দেশের বাইরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে।
এতে আরো বলা হয়, ত্বকীর বাবা নারায়ণগঞ্জের সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন নাগরিক আন্দোলনের সংগঠক রফিউর রাব্বি সন্দেহভাজন হত্যাকারী হিসেবে কয়েকজনের নাম স্থানীয় পুলিশ সুপারের কাছে লিখিতভাবে দিয়েছেন।
এ ঘটনার তিনমাস অতিবাহিত হয়েছে। অথচ আজ পর্যন্ত তদন্তে কোনো অগ্রগতি ঘটেনি। দৃশ্যত এর বিচারকজ বন্ধ আছে বলেই প্রতীয়মান হচ্ছে।
সম্প্রতি রফিউর রাব্বি এ মামলার তদন্ত র্যাবের কাছে হস্তান্তরের আবেদন করেছেন।
তানভীর মুহাম্মদ ত্বকী গত ৬ মার্চ নিখোঁজ হয়। এর দুইদিন পর শীতলক্ষ্যা নদীর পাড়ে তার লাশ পাওয়া যায়। ময়নাতদন্তে তাকে মাথায় আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
