২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী নির্যাতকের পক্ষে তদবির শুনবেন না: পুলিশকে ইনু

নারী ও শিশু নির্যাতকদের পক্ষে মন্ত্রী, রাজনৈতিক নেতাদের ‘তদবির’ না শুনতে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2013, 11:15 AM

Updated : 23 Aug 2022, 10:57 AM

তিনি বলেছেন, “পুলিশ ও স্থানীয় প্রশাসনকে নারী ও শিশু নির্যাতনের ব্যাপারে জিরো টলারেন্স দেখাতে হবে। কোনো মন্ত্রী, রাজনৈতিক নেতার তদবির শুনবেন না।”

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘ক্ষমতায়নের মাধ্যমে শিশু ও নারী নারী নির্যাতন প্রতিরোধ : গণমাধ্যমের অংশগ্রহণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী একথা বলেন।

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইন যথেষ্ট হলেও বহুক্ষেত্রে তার বাস্তবায়ন নেই বলে স্বীকার করেন তিনি।

ইনু আরো বলেন, “যারা নারীর ক্ষমতায়ন চান, কিন্তু জঙ্গিবাদ-মৌলবাদের বিরুদ্ধে কথা বলেন না, তারা নারীর ক্ষমতায়নের বিরুদ্ধে কাজ করছেন।”

নারী নির্যাতন বন্ধে গণমাধ্যমের ভূমিকার বিষয়ে ইনু বলেন, “গণমাধ্যমকর্মীদের লিঙ্গ সংবেদনশীল প্রতিবেদন তৈরির প্রশিক্ষণ নিতে হবে। গণমাধ্যম প্রতিষ্ঠানের ভেতরে লিঙ্গ সংবেদনশীল কাজের পরিবেশ তৈরি করতে হবে।”

এ বিষয়ে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের পরামর্শও দেন তথ্যমন্ত্রী।

নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদের সভাপতিত্বে একটি বেসরিকারি সংস্থার আয়োজনে এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, সমকালের ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, নাট্যব্যক্তিত্ব শহীদুল আলম সাচ্চু।