২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে এক কারখানা বন্ধ, ৩টিতে ছুটি

বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষ ও শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় সাভারে একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং তিনটিতে ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2013, 10:55 AM

Updated : 23 Aug 2022, 10:57 AM

মঙ্গলবার আশুলিয়ায় ‘ফাউন্টেন গার্মেন্টস লিমিটেড’ অনিদির্ষ্টকালের জন্য বন্ধ করা হয়।

একদিনের জন্য ছুটি দেয়া হয় সাভার পৌরসভার দক্ষিণ দড়িয়াপুরের জেকে ফ্রেবিক্স লিমিটেড, জেকে নিট কম্পোজিট লিমিটেড ও তনিমা কম্পোজিট লিমিটেডে।

শিল্প পুলিশের সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেতন, টিফিন ভাতাসহ কিছু দাবি নিয়ে ফাউন্টেন গার্মেন্টস লিমিটেডের প্রায় আড়াইহাজার শ্রমিক সোমবার দুপুরে বিক্ষোভের পর পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এর জেরে কর্তৃপক্ষ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়ে সকালে মূল ফটকে নোটিশ ঝুলিয়ে দেয়।

সকালে শ্রমিকরা কারখানায় এসে এ নোটিশ দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।

অপরদিকে জেকে গ্রুপের কারখানার শ্রমিকরা অভিযোগ করেন, কারখানায় প্রবেশের সময় নিরাপত্তাকর্মীরা পকেট পরীক্ষা করে মোবাইল ফোন পাওয়ায় তাদের সঙ্গে খারাপ আচরণ করেছে।

এতে শ্রমিকরা উত্তেজিত হয়ে কারখানা থেকে বেরিয়ে যায়।

জেকে গ্রুপের নিরাপত্তাকর্মী মো. সামসুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকদের সঙ্গে কোনো খারাপ আচরণ করা হয়নি। তাদের মোবাইল ফোন নিয়ে কারখানায় প্রবেশ করতে নিষেধ করা হয়েছিল। কিন্তু এটি তারা মানেনি।

তিনি বলেন, সকাল ১০টার দিকে ফটকে কয়েকজন শ্রমিকের কাছে মোবাইল ফোন পাওয়ায় কর্তৃপক্ষের নির্দেশমতো তাদের আটকে রাখা হয়।

এতে শ্রমিকরা উত্তেজিত হয়ে কারখানা থেকে বেরিয়ে যায়।

এরপর কর্তৃপক্ষ জেকে ফ্রেবিক্স লিমিটেড, জেকে নীট কম্পোজিট লিমিটেড ও তনিমা কম্পোজিট লিমিটেডে একদিনের ছুটি ঘোষণা করেছে।

এ বিষয়ে শিল্প পুলিশের সাভার জোনের দায়িত্বরত উপ-পরিদর্শক ওমর ফারুক কিছু জানেন না বলে জানান।