হরতালে চাঁদপুর ও লক্ষ্মীপুরে আটক ১৩
জামায়াতে ইসলামীর ডাকা হরতালে চাঁদপুর ও লক্ষ্মীপুরে দলটির ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
এরমধ্যে রয়েছেন চাঁদপুরের আটজন এবং লক্ষ্মীপুরের পাঁচজন।
আদালত অবমাননার দায়ে তিন নেতার সাজার প্রতিবাদে জামায়াতে ইসলামীর সারাদেশে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকে।
চাঁদপুর প্রতিনিধি জানান, জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াত ও শিবিরের আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
পুলিশ সুপার মো. আমির জাফর জানান, হরতালে পিকেটিং করার সময় তাদের আটক করা হয়।
তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও জেলার অভ্যন্তরে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ট্রেন ও লঞ্চ চলাচলও স্বাভাবিক আছে।
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, বিক্ষিপ্ত পিকেটিংয়ের মধ্যে লক্ষ্মীপুরে হরতাল চলছে।
সদর মডেল থানার ওসি আলতাফ হোসেন বলেন, সকালে পিকেটিং এবং আইনশৃংখলা অবনতি ঘটানোর অভিযোগে পুলিশ জকসিন, মান্দারীসহ কয়েকটি স্থান থেকে পাঁচ জামায়াতকর্মীকে গ্রেপ্তার করেছে।
যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে বলেও তিনি জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে জেলা জামায়াত সেক্রেটারি মফিজুল ইসলামসহ নেতাকর্মীরা হরতালের পক্ষে একটি বিক্ষোভ মিছিল করেছেন।
মিছিলটি শহরের দক্ষিণ তেমুহানীতে রামগতি-লক্ষ্মীপুর সড়কে প্রবেশের চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পিছু হটে যায়।
হরতালে জেলার বিভিন্ন টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। অভ্যন্তরীণ রুটে রিকশাভ্যান ও ব্যাটারিচালিত রিকশা চলাচল করেছে।
