২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় প্রেসক্লাব সভাপতি ছুরিকাহত

‘পূর্ব শত্রুতার’ জের ধরে নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাংবাদিক কায়েস উদ্দিনকে সন্ত্রাসীরা ছুরিকাঘাত করেছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2013, 03:29 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

রোববার সকাল ১১টায় শহরের লিটন ব্রিজের উপর এ ঘটনা ঘটে। কায়েসকে আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কায়েস চ্যানেল আই ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নওগাঁ জেলা প্রতিনিধি।

কায়েস সাংবাদিকদের জানান, সকালে তিনি শহরের উকিলপাড়া মহল্লার বাসা থেকে লিটন ব্রিজ হয়ে কর্মক্ষেত্রে আসছিলেন। এ সময় মোটরসাইকেল আরোহী দুই যুবক পেছন দিক থেকে এসে তার পথরোধ করে।

কিছু বুঝে ওঠার আগেই তারা তার উপর হামলা চালায় ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পূর্ব শত্রুতার জের ধরেই এ হামলা হয়েছে বলে জানান কায়েস।

পরে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনার পর সাংবাদিক-মানবাধিকার কর্মী-প্রশাসনসহ বিভিন্ন লোকজন কায়েসকে দেখতে হাসপাতালে যান।

নওগাঁ সদর মডেল থানার ওসি মোজ্জাম্মেল হক জানান, ঘটনার সঠিক তদন্ত করে হামলাকারীদের দ্রুত খুঁজে বের করা হবে।

এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।