পোশাক খাতে দুই কোটি ৭০ লাখ ডলার দেবে যুক্তরাজ্য
তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশের উন্নয়ন এবং শ্রমিকদের প্রশিক্ষণে দুই কোটি ৭০ লাখ ডলার অর্থ সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা সফররত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী অ্যালান ডানকান মঙ্গলবার সাভারে ভবন ধসে আহতদের দেখতে গিয়ে এ ঘোষণা দেন।
গত ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে এক হাজার একশ’র বেশি শ্রমিকের প্রাণহানির ঘটনায় বিশ্বব্যাপী পোশাক কর্মীদের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ অনেক পশ্চিমা নাগরিক বাংলাদেশি পোশাক আমদানিকারক প্রতিষ্ঠানের পণ্য বর্জনেরও হুমকি দেন।
উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিতে সহায়তা দিতে একটি চুক্তির আওতায় আসে ইউরোপের অনেক খ্যাতনামা পোশাক ব্যবসায়ী প্রতিষ্ঠান।
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমের অনেক দেশের সরকারের নজর আসে বিষয়টিতে।
তারই অংশ হিসেবে যুক্তরাজ্য এ সহায়তার হাত বাড়িয়েছে, দেশটির অনেক কোম্পানিই বাংলাদেশ থেকে তৈরি পোশাক নেয়।
সহায়তার এ অর্থ দিয়ে বাংলাদেশি পোশাক শ্রমিকদের প্রশিক্ষণ দেয়া হবে বলে জানান যুক্তরাজ্যের মন্ত্রী ডানকান।
তিনি বলেন, পোশাক কারখানার নিরাপত্তা এবং শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণের জন্য সহায়তার এ অর্থ ব্যয় করা হবে।
কারখানার ভবন নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে যুক্তরাজ্যের একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল বাংলাদেশে পাঠানো হবে বলেও জানান তিনি।
এছাড়া শ্রমিকদের কল্যাণে এগিয়ে আসার জন্য যুক্তরাজ্যের পোশাক ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে নৈতিক বাণিজ্য চুক্তি বা এথিকাল ট্রেডিং এগ্রিমেন্টের আওতায় আনার প্রচেষ্টা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
