সংসদে আইন প্রণয়নে মাত্র ৭% সময়
রাষ্ট্রপতির ভাষণ ও প্রশ্নোত্তর পর্বসহ অন্যান্য কাজে প্রচুর সময় ব্যয় হলেও বর্তমান সংসদের অষ্টম থেকে পঞ্চদশ অধিবেশনে আইন প্রণয়নে ব্যয় হয়েছে মাত্র ৭ শতাংশ সময়।
নবম জাতীয় সংসদের অধিবেশন নিয়ে এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
বিরোধী দলের সংসদ বর্জনের ধারা ‘উদ্বেগজনক হারে’ বাড়তে থাকায় আইন করে টানা অনুপস্থিতির সুযোগ কমিয়ে আনারও সুপারিশ করেছে সংস্থাটি।
রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে এই প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “সংসদ বর্জনের যে অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে তা উদ্বেজনক। আইন করে সংসদ বর্জন বন্ধ করতে হবে, এর কোনো বিকল্প নেই।”
অথচ সংসদের মূল কাজ আইন প্রণয়নে ব্যয় হয় মাত্র ৭ শতাংশ সময়।
অন্যান্য সংসদীয় গণতন্ত্রের উদাহরণ টেনে প্রতিবেদনে বলা হয়, ভারতীয় লোকসভায় মোট কার্যদিবসের ৩০ শতাংশ এবং যুক্তরাজ্যের হাউস অব কমন্সে ৫৫ শতাংশ সময় আইন প্রণয়নে ব্যয় হয়।
টিআইবির হিসাবে ২০১১-১২ বছরের আটটি অধিবেশনের ১৬৩ কার্যদিবসের মধ্যে ১৫৩ দিনই সংসদ বর্জন করেছে প্রধান বিরোধী দল বিএনপি। এ সময় ছয়টি অধিবেশনে পুরোপুরি বর্জন করে তারা।
প্রতিবেদনে বলা হয়, একজন সাংসদ যেসব সুযোগ সুবিধা নেন, তাতে তিনি একদিন অধিবেশনে অনুপস্থিত থাকলে তার ‘অর্থমূল্য’ দাঁড়ায় ন্যূনতম ৩ হাজার ৫৫৮ টাকা। এই হিসেবে অষ্টম থেকে পঞ্চদশ অধিবেশন পর্যন্ত বিরোধী জোটের সংসদ বর্জনের ‘অর্থমূল্য’ প্রায় ৪ কোটি ১ লাখ ৩৪ হাজার টাকা।
ইফতেখারুজ্জামান বলেন, সংসদীয় গণতান্ত্রিক চর্চার বৈশ্বিক অভিজ্ঞতায় এমন ঘটনা ‘নজিরবিহীন’, যা একদিকে ‘বিব্রতকর’, অন্যদিকে জনগণের ভোট ও রায়ের প্রতি ‘শ্রদ্ধহীনতার পরিচায়ক’।
এর আগে নবম সংসদের ওপর ২০০৯ সালের জুলাইয়ে ও ২০১১ সালের জুন মাসে পার্লামেন্টওয়াচ নামে দুটি প্রতিবেদন প্রকাশ করে টিআইবি।
বছরভিত্তিক এক বিশ্লেষণে সংস্থাটি জানায়, ২০০৯ সালে মোট কার্যদিবসের ২৭ শতাংশ (৮৬ দিনের মধ্যে ২৩ দিন), ২০১০ সালে ২৪ শতাংশ (৮৮ দিনের মধ্যে ২১ দিন), ২০১১ সালে ৯ শতাংশ (৮০ দিনের মধ্যে ৭ দিন) এবং ২০১২ সালে ৪ শতাংশ (৮৩ দিনের মধ্যে ৩ দিন) সংসদে উপস্থিত ছিল বিরোধী দল।
গত চারটি সংসদের কার্যক্রম পর্যালোচনায় দেখা যায়, ৯১ সালের পঞ্চম সংসদে ৩৩.৭৫ শতাংশ, ৯৬ সালের সপ্তম সংসদে ৪২.৬৭ শতাংশ, ২০০১ সালের অষ্টম সংসদে ৫৯.৭৯ শতাংশ ও চলমান নবম সংসদে (১৫ অধিবেশন পর্যন্ত) ৮৩.৩৮ শতাংশ কার্যদিবসে সংসদে অনুপস্থিত থেকেছে বিরোধী দল।
প্রধান বিরোধী দল বিএনপি ইতোমধ্যে জানিয়েছে, সংসদের আসন্ন বাজেট অধিবেশনে যোগ দেবে তারা। সোমবার বিকালে এই অধিবেশন শুরু হচ্ছে। সংসদে বিএনপির সদস্যদের টানা অনুপস্থিতি ইতোমধ্যে ৮৩ দিনে গড়িয়েছে।
গত দুই বছরে ১৬৩টি কার্যদিবসের মধ্যে সংসদ নেতা শেখ হাসিনা উপস্থিত ছিলেন ১৪০ দিন। এ সময় বিরোধী দলীয় নেতা সংসদে ছিলেন মাত্র ৩ দিন। নবম সংসদের গত ১৭টি অধিবেশনে মাত্র আট দিন উপস্থিত ছিলেন খালেদা জিয়া।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, সংবিধান অনুযায়ী টানা ৯০ কার্যদিবস অনুপস্থিত থাকলে সংসদ সদস্য পদ খারিজ হয়। এ সুযোগ নিয়েই সংসদ বর্জন চলছে।
“আমরা মনে করি, টানা ৩০ কার্যদিবস অনুপস্থিত থাকলে সদস্য পদ খারিজের বিধান করা উচিত। এক্ষেত্রে দীর্ঘদিন বর্জনের সুযোগ কমবে। সেই সঙ্গে সংসদ বর্জনের অসুস্থ মানসিকতা থেকে বেরিয়ে আসতে দলগুলোকে উদ্যোগী হতে হবে।”
বর্জনের সংস্কৃতি পরিহার করে ‘প্রয়োজনে’ বিএনপিকে ‘ওয়াকআউটের পথে’ হাঁটতে বিরোধী দলকে পরামর্শ দেন ইফতেখারুজ্জামান।
‘কোরাম সংকট’ কমেছে
টিআইবির প্রতিবেদন বলছে, বর্তমান সংসদে কোরাম সংকটের ঘটনা অপেক্ষাকৃত কমে এসেছে। ক্ষমতাসীন দলের সদস্যদের গড় উপস্থিতি বেশি হলেও অনেকেই অধিবেশন কক্ষে দেরিতে উপস্থিত হন বলেই কোরাম সংকট হয়। গত আটটি অধিবেশনে ৭২ ঘণ্টা ২২ মিনিট কোরাম সংকট হয়। প্রতি কার্যতিবসের গড় কোরাম সংকট ২৪ মিনিট ২৭ সেকেন্ড।
সংসদ পরিচালনার জন্যে সংসদ কক্ষে ন্যূনতম ৬০ জনের উপস্থিতিকে কোরাম বলা হয়।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, বাংলাদেশে বিকালে মাত্র তিন ঘণ্টার জন্যে সংসদ বসে, যা সংসদীয় গণতন্ত্রে ব্যতিক্রম। ব্রিটেনে আট ঘণ্টা ও ভারতে ৬ ঘণ্টা সংসদ চলে।
‘অসংসদীয় ভাষা’
সংসদে ‘অসংসদীয় ভাষার’ ব্যবহার বন্ধে স্পিকারের আহ্বান ও রুলিংয়ের পরও তা চলতে থাকায় আচরণবিধি প্রণয়নের দাবি জানিয়েছে টিআইবি।
প্রতিবেদনে বলা হয়, আলোচ্য ৮টি অধিবেশনের সভাপতি হিসেবে স্পিকার ১৯৬ ঘণ্টা, ডেপুটি স্পিকার ১৪৫ ঘণ্ট এবং সভাপতি প্যানেলের সদস্যরা প্রায় ৬১ ঘণ্টা দায়িত্ব পালন করেন। এ সময়ে স্পিকার চারটি রুলিং দেন। সংসদের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সদস্যদের প্রতি রুলিং ও অসংসদীয় শব্দ ‘এক্সপাঞ্জ’ করারও প্রস্তাব দেওয়া হয়।
ইফতেখারুজ্জামান বলেন, “সংসদে আলোচনার ক্ষেত্রে অসংসদীয় ও অশালীন ভাষা ব্যবহারের চর্চা এখনো বিদ্যমান। এজন্য ‘সংসদ সদস্য আচরণ বিল ২০১০’ কে আইনে পরিণত করা জরুরি। সংসদ নেতাও এ বিষয়ে ইতিবাচক ভূমিকা দেখিয়েছেন।”
বেসরকারি সদস্যদের এ বিলটি প্রণয়নে টিআইবিরও ভূমিকা ছিল।
আলোচ্য সময়ে ৫১টি সংসদীয় কমিটি ১ হাজার ৬৬১টি বৈঠক এবং ১৫৮টি উপকমিটি ৫৭৩টি বৈঠক করে। ৩৭টি কমিটি প্রতিবেদন জমা দিলেও ১৪টি কমিটি এখনও পর্যন্ত কোনো প্রতিবেদন দেয়নি।
এসব কমিটি প্রায় আড়াই হাজার সুপারিশ জমা দিয়েছে, যার মধ্যে ৬৩১টি (৪৩ শতাংশ) সুপারিশ বাস্তবায়িত হয়েছে।
টিআইবির এ প্রতিবেদনের গবেষণায় যুক্ত মোরশেদা আক্তার, ফাতেমা আফরোজ ও জুলিয়েট রোজেটি সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৪০০ ঘ.
