ট্রাক তোলার সময় ক্রেন ছিঁড়ে নিহত ৪
এই দুর্ঘটনায় আরো অন্তত দুজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যার দিকে সেতু মার্কেটের সামনে মালবোঝাই একটি ট্রাক আইল্যান্ডে ধাক্কা লেগে উল্টে যায়।
রাত ৯টার দিকে ট্রাকটিকে উদ্ধারের জন্য একটি ক্রেন যায়।
“ট্রাকটি সোজা হলেও এসময় হঠাৎ করে ক্রেনের শিকলের মাথা ছিঁড়ে যায় এবং ক্রেনটি এক প্রকার উল্টে যায়,” বলেন ওসি।
এই শিকলের আঘাতে এবং ক্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনজন মারা যান। অন্যজন মারা যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। এর মধ্যে একটি শিশু রয়েছে। তিনটি লাশ মিটফোর্ড হাসপাতালে রয়েছে। অন্যটি রয়েছে ঢাকা মেডিকেলে।
