ত্বকী হত্যা: বিচার চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন
নারায়ণগঞ্জে ত্বকী হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।
সোমবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক মনোজ কান্তি বড়ালের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিটি দেয়া হয়।
স্মারকলিপিতে প্রধানমন্ত্রীর সদিচ্ছায়ই এই নির্মম হত্যাকান্ডের বিচার হতে পারে বলে আশা প্রকাশ করা হয়েছে ।
এ সময় উপস্থিত ছিলেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক ও নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি, সদস্য সচিব কবি হালিম আজাদ, নারায়ণগঞ্জ নাগরিক কমিটি সভাপতি অ্যাডভোকেট এ বি সিদ্দিক, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস, অ্যাডভোকেট আওলাদ হোসেন, জিয়াউর ইসলাম কাজল, জহিরুল ইসলাম জহির প্রমুখ।
তানভীর মুহাম্মদ ত্বকী গত ৬ মার্চ বিকেলে নারায়ণগঞ্জ থেকে নিখোঁজ হয়। ৮ মার্চ সকালে শহরের চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদীর পাড় থেকে পুলিশ ত্বকীর লাশ উদ্ধার করে।
ময়না তদন্তে তাকে শ্বাসরোধ ও মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
