২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশ্রয়কেন্দ্র থেকে বাড়িঘরে ফিরছে মানুষ

ঘূর্ণিঝড় মহাসেন বড় কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই সকালে বাগেরহাট উপকূল অতিক্রম করার পর আশ্রয়কেন্দ্রে আসা লোকজন বাড়ি ফিরতে শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বাগেরহাট প্রতিনিধি, বিডিনিসউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2013, 11:03 AM

Updated : 23 Aug 2022, 10:46 AM

বৃহস্পতিবার দুপুরের পর থেকেই শরণখোলা ও মংলা বন্দর উপজেলার সব আশ্রয়কেন্দ্র থেকে মানুষ বাড়িমুখো হয়।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুজ্জামান ও মংলা বন্দর উপজেলার ইউএনও মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সাড়ে ৪টা পর্যন্ত আশ্রয়কেন্দ্রের শতকরা প্রায় আশি ভাগ মানুষ নিজেদের বাড়িঘরে ফিরে গেছে।

এদিকে মংলা বন্দর কর্তৃপক্ষও জানিয়েছে তারা সংকেত নামানোর জন্য অপেক্ষা করছেন। সংকেত নামলেই তারা কাজ শুরু করবেন।

এদিকে ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে প্রবল বর্ষণে বাগেরহাট শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট ঘরবাড়ি।

টানা বর্ষণে বাগেরহাট শহরের মিঠাপুকুরপাড়, আলীয়ামাদ্রাসা রোড, বাসাবাটি, নাগেরবাজার, মেইনরোড, রাহাতের মোড় ও ডাকবাংলো ঘাট এলাকা পানিতে তালিয়ে যায়।

ঝড়ে শরণখোলার বিভিন্ন এলাকায় কিছু গাছ উপড়ে গেছে এবং সাউথখালী ইউনিয়নের বগি গ্রামে কিছু কাঁচা ও টিনের ঘরের ক্ষতি হয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আতাহার মিঞা বলেন, ঝড়ে প্রাণহানির কোনো সংবাদ পাওয়া যায়নি।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আমীর হুসাইন চৌধুরী বলেন, ঝড়ে পূর্ব সুন্দরবনে কোনো ক্ষতি হয়নি। পূর্ব সুন্দরবনের ৩৫টি ক্যাম্প ও স্টেশনে কর্মরত চার শতাধিক বনকর্মী নিরাপদে আছেন।

জেলা মৎস্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) নারায়ণ চন্দ্র মণ্ডল বলেন, ঝড় ও বৃষ্টির কারণে জেলার কোথাও চিংড়ি ঘেরে ক্ষতির সংবাদ তাদের কাছে আসেনি।