‘তত্ত্বাবধায়ক’ জরিপ বিভ্রান্তিকর: প্রধানমন্ত্রী
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটি বাংলা দৈনিক পরিচালিত জরিপকে ‘বিভ্রান্তিকর’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
গণভবনে বুধবার আওয়ামী লীগের বর্ধিত সভার শুরুতে শেখ হাসিনা ওই দৈনিকের নাম উল্লেখ না করে বলেন, “এই পত্রিকার চরিত্র কে না জানে? এই জরিপের বিশ্বাসযোগ্যতা কী? বিভ্রান্তিকর তথ্য দিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করতে চায়।”
গত ১১ মে প্রথম আলোতে প্রকাশিত এক জরিপে দৈনিকটি দাবি করে, দেশের ৯০ শতাংশ মানুষ তত্ত্বাবধায়ক সরকার চায় এবং জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের বিপক্ষে আছে ৬৪ শতাংশ লোক।
পত্রিকাটির দাবি, জরিপটি পরিচালিত হয় দেশের প্রতিটি প্রশাসনিক বিভাগের ৩০টি জেলা শহর ও গ্রামের তিন হাজার প্রাপ্তবয়স্ক মানুষের ওপর।
শেখ হাসিনা বলেন, “১৬ কোটি মানুষের মধ্যে তিন হাজার লোকের ওপর এই জরিপ চালানো হয়েছে। আওয়ামী লীগ করে যে বিশাল জনগোষ্ঠী- তারা কোথায় গেলো?”
নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রাপ্ত ভোটের উল্লেখ করে দলের সভানেত্রী বলেন, “ওই ৪৮ ভাগের মতামত কোথায় গেলো?”
এক-এগারোর পেছনে দৈনিকটির ভূমিকার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “এক-এগারোতেওই পত্রিকার ভূমিকা কী ছিলো- তা কেউ ভুলে যায়নি।”
সম্প্রতি শাহবাগ আন্দোলন নিয়ে প্রথম আলোর গল্প প্রকাশ এবং পরে তা প্রত্যাহার ও দুঃখ প্রকাশ করার ঘটনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “গণজাগরণ মঞ্চ নিয়ে অসভ্য লেখা ছাপলো। তারপর, মাফ চাইলো। এই হলো চরিত্র।”
গণতন্ত্রে বিশ্বাসী সবাইকে অপপ্রচারের বিরুদ্ধে সজাগ থাকারও আহ্বান জানান শেখ হাসিনা।
এর আগে প্রথম আলোর এই জনমত জরিপের সমালোচনা করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, কাগজটি মাইনাস টু থিওরির পক্ষে ছিল।
