২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কড়া নিরাপত্তায় ঢিলেঢালা হরতাল

যুদ্ধাপরাধের মামলায় এ কে এম ইউসুফকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতে ইসলামের সকাল-সন্ধ্যা হরতাল চলছে কড়া নিরাপত্তার মধ্যে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2013, 02:17 AM

Updated : 13 Oct 2022, 02:51 PM

জামায়াত-শিবির কর্মীরা রাজধানীর বিভিন্ন গলিতে ঝটিকা মিছিল এবং দুএকটি স্থানে যানবাহন ভাংচুরের চেষ্টা করলেও দিনের প্রথমভাগে বড় কোনো গোলোযোগের খবর পাওয়া যায়নি। সড়কেও হরতালের প্রভাব চোখে পড়েনি খুব একটা।

সকাল থেকেই রাজধানীতে রিকশা ও অটোরিকশা চলাচল করছে। গণ পরিবহনও চলতে দেখা গেছে বিভিন্ন সড়কে। মেঘলা আবহাওয়ায় সকালের প্রথমভাগে রাস্তায় সাধারণ মানুষের চলাফেরা কিছুটা কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল ও ভিড় বাড়তে থাকে।

হরতালের কারণে গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ থেকে দূর পাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে রেল ও লঞ্চ চলাচল স্বাভাবিক বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

হরতালে বিশৃঙ্খলা এড়াতে  মঙ্গলবার ভোর থেকেই রাজধানীর প্রতিটি সড়কে অবস্থান নেন পুলিশ ও র্যাব সদস্যরা। শ্যাওড়াপাড়া এলাকায় গাড়িতে আগুন দেয়ার চেষ্টা করলে দুই শিবির কর্মীকে আটক করে সাদা পোশাকের পুলিশ।

মিরপুর থানার ওসি মো. সালাউদ্দিন খান বলেন, “কয়েকজন যুবক সকাল ৭টার দিকে একটি লেগুনায় আগুন দেয়ার চেষ্টা করে। সেখানে সাদা পোশাকে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের ধরে ফেলেন।”

আজিমপুর এতিমখানা এলাকায় শিবির কির্মীরা হরতালের সমর্থনে মিছিল করে একটি হাতবোমা ফাটায়। এ সময় তারা রাস্তায় একটি গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ে বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।

লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহজালাল বলেন, “শুনেছি ভোরে কিছু যুবক মিছিল করেছে। আমরা গিয়ে তাদের পাইনি।”

এছাড়া রামপুরা, বনশ্রী ও উত্তরার বিভিন্ন গলিতে হরতালকারীরা ঝটিকা মিছিল বের করে বলে খবর পাওয়া গেছে।

জামায়াতের নায়েবে আমির  এ কে এম ইউসুফ গত রোববার মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হওয়ার পর এই হরতাল ডাকে দলটি।

ইউসুফের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাটের ১৫টি অভিযোগ এনেছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

এর আগে যুদ্ধাপরাধের মামলায় সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায়ের প্রতিবাদে গত রোববারও সারা দেশে হরতাল করে জামায়াতে ইসলামী। তবে সেদিন জামায়াতকর্মীদের রাজপথে সক্রিয় দেখা যায়নি, যেমনটা দেখা গিয়েছিলো সাঈদীর রায়ের পর।

একাত্তরে গণহত্যার জন্য আল বদর নেতা কামারুজ্জামানকে গত বৃহস্পতিবার মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের কয়েক ঘণ্টা পর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বলেন, “জামায়াতে ইসলামীকে নির্মূল করার উদ্দেশ্যে নেতাদের হত্যার জন্য এই রায় দেয়া হয়েছে।”

যুদ্ধাপরাধের জন্য কামারুজ্জামানের আগে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ড হয়, যাবজ্জীবন সাজা হয় সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার। একাত্তরে দলটির আমির গোলাম আযমের রায় যে কোনো দিন হতে পারে।

জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ, কেন্দ্রীয় নেতা আব্দুস সোবহান, মীর কাসেম আলী, এটিএম আজহারুল ইসলামও বিচারের সম্মুখীন।

সাঈদী ও কাদের মোল্লার রায় প্রত্যাখ্যান করেও হরতাল ডেকেছিলো জামায়াত। সাঈদীর রায়ের পর ১৬টি জেলায় জামায়াতকর্মীদের তাণ্ডবের ফলে সৃষ্ট সহিংসতায় পুলিশসহ নিহত হয় অন্তত ৬৭ জন।