২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমতার বাংলাদেশ গড়তে হেফাজত রোখার ডাক

নারী-পুরুষ সমতাভিত্তিক অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয় জানিয়েছে প্রতিবাদী নারীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2013, 05:35 AM

Updated : 26 Jul 2022, 03:02 PM

এ লক্ষ্যে জামায়াত-শিবিরসহ হেফাজতে ইসলামকে রুখে দেওয়ার ডাক এসেছে রাজধানীর প্রেসক্লাবের সামনে প্রতিবাদী নারী সমাবেশ থেকে।

শনিবার বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে উদীচী শিল্পীগোষ্ঠীর গণসঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হয় এ সমাবেশ। ‘কারার ওই লৌহকপাট’, ‘আবার তোরা মানুষ হ’সহ বিভিন্ন প্রতিবাদী গান ও কবিতার সঙ্গে চলতে থাকে নারী অধিকার বাস্তবায়নের দাবি এবং হেফাজতে ইসলামের ১৩ দফাবিরোধী বিভিন্ন স্লোগান।

বিকাল সাড়ে ৩টায় জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হয় সমাবেশের মূল কার্যক্রম। দেশের সব নারী সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে এই সমাবেশের মূল স্লোগান- ‘অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং নারী-পুরুষের সমতাভিত্তিক বাংলাদেশ চাই’।

সমাবেশে মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেন, "স্বাধীন বাংলাদেশে মৌলবাদী ও দেশদ্রোহীদের ১৩ দফাকে তীব্র ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। প্রথম থেকেই তারা সংখ্যালঘুদের উপর আক্রমণ করে আসছে। নারীরা জেগে ওঠায় যখন তারা বুঝতে পেরেছে, তাদের আর রক্ষা নেই, তখনই তারা নারীদের বিরুদ্ধে সহিংস আচরণ শুরু করেছে।"

সংবিধানের অনেক জায়গায় নারীবিরোধী ও সমাজবিরোধী বক্তব্য আছে উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে নারীদের অবদান সুস্পষ্টভাবেই অগ্রগণ্য। বর্তমান সরকার বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার কথা বলে ক্ষমতায় এসেছিলেন। কিন্তু তা তারা করেননি।

আইনজীবী সালমা আলী বলেন, "নারীরা বিট্রিশ বিরোধী আন্দোলনের সময় থেকে অংশ নিয়েছে। ’৫২, ’৭১ এবং স্বাধীনতার পরে ৪২ বছর ধরে এখনো আন্দোলনের মাধ্যমে নিজেদের জায়গা করে নিয়েছে। সব দলকেই বলতে চাই, আপনারা নারীদের নিয়ে রশি টানাটানি করবেন না। আর কোনো সহিংসতা নয়, নারীদেরকে তাদের নিজের মতো এগিয়ে যেতে দিন।"

শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী বলেন, "হেফাজতের ১৩ দফা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করার জন্য এখানে এসেছি। এতো বড় জমায়েত প্রমাণ করে, বাংলাদেশের মাটিতে হেফাজতের কোনো দাবি প্রতিষ্ঠিত হবে না।"

বাংলাদেশে ধর্ম-বর্ণ-পেশায় কোনো ভেদাভেদ নেই উল্লেখ করে নারীনেত্রী খুশী কবীর বলেন, "হেফাজতকে বলতে চাই, আপনাদের জন্ম নারীর গর্ভে, অথচ আপনারা নারীদের বিরুদ্ধেই ১৩ দফা দিয়েছেন। এদেশে ১৩ দফার ভিত্তিতে নয়, বাহাত্তরের সংবিধানের চার মূলনীতির ভিত্তিতে দেশকে গড়ে তুলব।"

হেফাজতের ১৩ দফা রোখার প্রত্যয় ব্যক্ত করেন জাসদের নেত্রী শিরিন আক্তার বলেন, নারীনীতির বিরুদ্ধে কথিত মাওলানারা আওয়াজ তুলেছে। আমি তাদের বলতে চাই, পবিত্র হজের সময় নারী-পুরুষ একসঙ্গে তা পালন করে। সেখানে তো নারী-পুরুষ আলাদাভাবে হাঁটার কোনো নিয়ম নাই।"

সরকার ও বিরোধী দলের প্রধান দুই নেত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য ধর্মকে ব্যবহার না করে আলোচনা করুন। নারী-পুরুষের সমতার ভিত্তিতে দেশকে পরিচালনা করুন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ বলেন, "এই পৃথিবীতে যখন ইসলামের বার্তা নিয়ে আমাদের মহানবী (স.) এসেছিলেন, তখন সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন, একজন নারী, বিবি খাদিজা(র.)। বিবি খাদিজা একজন সফল ব্যবসায়ী ছিলেন। সুতরাং ইসলামকে হেফাজতের নামে নারীদের অবমাননা করা চলবে না।"

তিনি আরো বলেন, ইসলামে নারীদের শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে, সেই কথা তারা ভুলে গেছেন।

উত্তরবঙ্গে কৃষিকাজের সঙ্গে জড়িতদের ৭০ শতাংশই নারী উল্লেখ করে আদিবাসী নেত্রী রেবেকা সরেন বলেন, “কৃষিকাজ করে, ধানের চাতালে কাজ করে সবার খাবারের যোগান দিচ্ছেন নারীরা। যারা নারীদের পিছনে ফেলে রাখতে চায়, তাদের সতর্ক করছি।”

শ্রমিকনেত্রী নাজমা আক্তার বলেন, “শিক্ষানীতিতে বৈষম্যের কারণে নিম্নবিত্তরা বাধ্য হচ্ছে তাদের সন্তানদের মাদ্রাসায় পাঠাতে। শিক্ষানীতিতে এতো বৈষম্য কেন? আপনারা এ বৈষম্য দূর করে ভালো ও আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করুন যাতে আমাদের সন্তানদের মাদ্রাসায় পাঠিয়ে ভুল শিক্ষা না নিতে হয়।”

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সমাবেশে সংহতি জানিয়ে বলেন, একটা বিশেষ পরিস্থিতিতে এই নারী সমাবেশ করতে হচ্ছে। গণজাগরণ মঞ্চ শুরু থেকেই ১৩ দফাবিরোধী। কারণ এগুলো মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক সমাবেশে সংহতি জানিয়ে বলেন, বাংলাদেশের সংবিধান গণতান্ত্রিক সংবিধান। এখানে পুরুষ-নারী, তরুণ-বৃদ্ধ কোনো ভেদাভেদ নাই।

সমাবেশের সভাপতিত্ব করা আয়েশা খানম বলেন, "বাংলাদেশকে রক্ষা করতে হলে জামায়াত-শিবির ও তাদের অপভ্রংশ হেফাজতকে নিষিদ্ধ করতে হবে। শত কোটি রক্ত দিয়ে এদেশ স্বাধীন করেছি। অথচ ভোটের রাজনীতি ও ধর্মান্ধ প্রতিক্রিয়াশীল শক্তি তা মুছে দেয়ার স্পর্ধা দেখাচ্ছে।"

আমরা একশ’টিরও বেশি সংগঠন আজকের এই প্রতিবাদী নারী গণসমাবেশে একত্রিত হয়েছি ১৩ দফার বিরুদ্ধে।

সমাবেশে সাভারের রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের জন্য শোকপ্রস্তাব উপস্থাপন করেন তাহমিনা ইয়াসমিন নীলা। তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সমাবেশের ঘোষণাপত্র পাঠ করেন নারীনেত্রী ফৌজিয়া খন্দকার ইভা। ঘোষণাপত্রে দাবি করা হয়, হীন রাজনৈতিক উদ্দেশ্যে নারীর মানবাধিকার খর্ব করার অপতৎপরতা বন্ধ করতে হবে। যেসব ব্যক্তি ও গোষ্ঠী এ অপতৎপরতার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

সমাবেশ থেকে নারী-পুরুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সব নাগরিকের সমান অধিকার রক্ষায় সব ধরনের সাম্প্রদায়িক অপচেষ্টা বন্ধ এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধের দাবি তোলা হয়।

জাতীয় স্বার্থে, জাতীয় অর্থনীতির চাকাকে সচল রাখার জন্য নারীর বিরুদ্ধে সব ষড়যন্ত্রকে প্রতিহত করার পাশাপাশি কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবিও উঠে সমাবেশে।

এছাড়া নারী উন্নয়ন নীতিসহ নারী অধিকার সমুন্নত রাখা এবং নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় ‘সিডও সনদের’ পূর্ণ বাস্তবায়নের দাবিও জানানো হয়।

সমাবেশে বিভিন্ন শ্রেণী, পেশা, ধর্ম, গোত্রের কয়েক হাজার নারী যোগ দিয়েছেন; অংশ নিয়েছেন অনেক পুরুষও।

গত ৬ মার্চ মতিঝিলে সমাবেশে গণজাগরণবিরোধী হেফাজতে ইসলাম ১৩ দফা দাবি তোলার পর নারী সংগঠনগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

নারী উন্নয়ন নীতির বিরোধিতার পাশাপাশি হেফাজত প্রকাশ্যে নারী-পুরুষের অবাধ বিচরণ বন্ধের দাবি তোলে।

দেশের নারীদের অগ্রযাত্রার মধ্যে এই দাবি সমাজের অর্ধেক জনগোষ্ঠীকে পিছিয়ে দেয়ার প্রয়াস অভিহিত করে এর প্রতিবাদে সোচ্চার হয় নারী সংগঠনগুলো। এরপর সবাই মিলে সমাবেশের সিদ্ধান্ত নেয়।

গত ২৭ এপ্রিল এই সমাবেশ হওয়ার কথা থাকলেও সাভারে ভবন ধসে বহু শ্রমিকের প্রাণহানি এবং হরতালের কারণে দুই দফা পিছিয়ে দেয়া হয়েছিল।

পুরনো খবর:

‘নারীবিরোধী’ এক সমাবেশ
‘নারীদের ঘরে বন্দি রাখার চেষ্টা ঠেকাতে হবে’
‘হুজুররা তো আর খাওন দিবেন না’