‘নারীদের ঘরে বন্দি রাখার চেষ্টা ঠেকাতে হবে’
নারীকে ‘ঘরে বন্দি করে রাখার’ চেষ্টা রুখতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার ওপর গুরুত্ব দিয়েছেন ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলী।
হেফাজতে ইসলাম নামের একটি সংগঠন ১৩ দফা দাবিতে যে আন্দোলন শুরু করেছে তাতে নারী উন্নয়ন নীতির সরাসরি বিরোধিতা করা হয়েছে।
সংগঠনটি প্রকাশ্যে নারী-পুরুষের অবাধ বিচরণ বন্ধসহ নারী নীতি বাতিলের দাবি তোলায় বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও নারী অধিকার কর্মীরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
শওকত আলী অভিযোগ করেন, একটি মহল দেশের ‘গণতন্ত্রকে ধ্বংস করে একনায়কতান্ত্রিক শাসন’ কায়েম করতে চায়।
তিনি বলেন, “ যতো অপতৎপরতাই হোক, যে কোন মূল্যে গণতন্ত্রকে রক্ষা করতে হবে।”
নারী, পুরুষ, শিশুসহ সবার অধিকার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন শওকত আলী।
সাংসদ মো. ইসরাফিল আলমের লেখা ‘বাংলাদেশ: রাষ্ট্র-রাজনীতি, সরকার ও সংবিধান’ গ্রন্থের প্রকাশনা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাংসদ মুহাম্মদ ইমাজ উদ্দীন প্রামাণিকের সভাপতিত্বে অন্যদের মধ্যে মো. আলী আশরাফ, এ বি এম গোলাম মোস্তফা, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি অনুষ্ঠানে বক্তব্য দেন।
