২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কঠিন’ বিষয়ে ভালো ফল, রেকর্ড পাস

এসএসসি ও সমমানের পরীক্ষায় অন্যবারের মতো বিশেষ কোনো বিষয়ে ঢালাও ফেল নেই এবার। মফস্বলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোও দেখিয়েছে চমক। ফলাফলেও যার স্পষ্ট প্রভাব; পাসের হার ছুঁয়েছে নব্বইয়ের কোটা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

শহীদুল ইসলাম, বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2013, 03:26 PM

Updated : 23 Aug 2022, 10:44 AM

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন, ইংরেজি, গণিত ও বিজ্ঞানের মত ‘কঠিন’ বিষয়গুলোতে এবার পাসের হার ভালো হওয়ায় ফলাফলে ইতিবাচক প্রভাব পড়েছে।

২১টি বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্নে হওয়া, পাঁচ লাখ শিক্ষককে প্রশিক্ষণ, ইংরেজি-গণিতে অতিরিক্ত ক্লাস, শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি এবং অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টি রেকর্ড ফলের কারণ বলে মনে করছেন তারা। 

বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ৮৯ দশমিক ০৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যাদের ৯১ হাজার ২২৬ জন বাগিয়ে নিয়েছে জিপিএ-৫।

পরীক্ষায় অংশগ্রহণকারী ছিল ৯ লাখ ৮৭ হাজার ৪১৭ জন, উত্তীর্ণের সংখ্যাটাও খুব ছোট নয়, ৮ লাখ ৮৫ হাজার ৮৯১ জন। সে হিসেবে অকৃতকার্যত শিক্ষার্থী এক লাখ এক হাজার ৫২৬। 

দুই বছর আগে প্রথম জেএসসি-জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা নবম শ্রেণিতে উঠেছিল, তারাই এবার মাধ্যমিক পরীক্ষা দেয়।

ফল পর্যালোচনা করে দেখা যায়, গত পাঁচ বছরের ব্যবধানে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার বেড়েছে ১৮ দশমিক ১৪ শতাংশ পয়েন্ট। বিগত বছরগুলোতেও ধারাবাহিকভাবে কমেছে ফেলের হার।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম ওয়াহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা বোর্ডে এবার ইংরেজিতে প্রায় ৯৬ শতাংশ এবং গণিতে প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

বিজ্ঞান বিষয়েও পাসের হার অন্যবারের থেকে এ বছর ভালো জানিয়ে তিনি বলেন, “কোনো বিষয়েই এবার ম্যাসিভ ফেল করেনি, তাই সার্বিক ফল ভালো হয়েছে।”

এবার এসএসসিতে ঢাকা বোর্ডে ১২ দশমিক ৬৯ শতাংশ শিক্ষার্থী ফেল করেছে। আর সম্মিলিতভাবে অনুত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ১০ দশমিক ৯৭ শতাংশ।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, বেশিরভাগ বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্নে হওয়ায় শিক্ষার্থীদের মধ্য থেকে মুখস্ত করার প্রবণতা কমে যাচ্ছে।

বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র, গণিত ও উচ্চতর গণিত ছাড়া এবার সব বিষয়ের পরীক্ষা হয়েছে সৃজনশীল প্রশ্নে।

ভালো ফলাফলের জন্য দেশের সাড়ে চার হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে আলাদাভাবে চিহ্নিত করে বিশেষ জোর দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনার বিষয়টিকে ভালো ফলের প্রভাবক হিসেবে দেখছেন মন্ত্রী।

“আমরা ইংরেজি ও গণিতে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করেছিলাম। তার ফল পাওয়া যাচ্ছে। আর পাঁচ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেয়ায় সে প্রভাবও এবারের ফলাফলে পড়েছে। সব মিলেই ভালো ফল হয়েছে এবার।”

নাহিদ বলেন, “আগে শিক্ষার্থীরা ইংরেজি ও গণিতে বেশি ফেল করত। আমরা এই কারণটি চিহ্নিত করে ওই বিষয়ে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করেছি। ফলাফলেও তার প্রভাব পড়েছে।”

ভালো ফল এবং পাসের হার বৃদ্ধির পেছনে একই যুক্তি বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক বিমল কৃষ্ণ মজুমদারেরও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এই বোর্ডে কোনো বিশেষ বিষয়ে বহু শিক্ষার্থীর ফেল করার ঘটনা নেই। সব বিষয়েই কম-বেশি শিক্ষার্থী ফেল করেছে।

তিনি বলেন, বরিশাল বোর্ডে ২০১২ সালের নিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে ১৮ দশমিক ৪০ শতাংশ ঝরে পড়ে। আর চলতি বছর ঝরে পড়ে ৯ দশমিক ৩৪ শতাংশ।

“জেএসসি-জিডিসিতে উত্তীর্ণরা নবম শ্রেণিতে ভর্তি হওয়ায় ঝরে পড়ার হার কমে যায়। এছাড়া অভিভাবকরাও আগের থেকে অনেক সচেতন হওয়ায় শিক্ষার্থীরা ভালো ফল করেছে।”

“পুঁথিগত বিদ্যা ছাড়াও শিক্ষার্থীরা এখন পারিপার্শ্বিক শিক্ষা বেশি পাচ্ছে। যেহেতু অধিকাংশ বিষয়ের পরীক্ষা হয়েছে সৃজনশীল প্রশ্নে তাই শিক্ষার্থীরা ভালো করেছে।”

সৃজনশীল প্রশ্নে ৪০ নম্বরের নৈর্বাক্তিক ও ৬০ নম্বরের তত্ত্বীয় পরীক্ষা হয়।

বিমল কৃষ্ণ বলেন, আগে শিক্ষার্থীরা কয়েকটি প্রশ্ন মুখস্ত করে পরীক্ষা দিতে যেত, কমন না পড়লেই ফেল করত। এখন সৃজনশীল প্রশ্নে পরীক্ষা হওয়ায় পাস করাটা অনেক সহজ।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. তানভিরুল আলমও মনে করছেন তার বোর্ডে নির্দিষ্ট কোনো বিষয়ে ‘ম্যাসিভ’ ফেল করেননি।

জেএসসির অভিজ্ঞতা থাকায় এসএসসিতে শিক্ষার্থীরা ভালো ফল করেছে বলেও মন্তব্য করেন তিনি।

সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তোফাজ্জল হোসেন ও কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক অধ্যাপক মো. ওলিউর রহমানও মনে করছেন তাদের বোর্ডে এবার সব বিষয়েই পাসের হার বেড়েছে। ফলাফলে যার প্রভাব পড়েছে।

মেধা বাড়ছে মাফস্বলে

শহরের নামীদামী শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে সীমিত সুযোগ সম্পন্ন মফস্বলের স্কুলগুলোও এসএসসিতে বেশ ভালো করেছে। এবার ৫ হাজার ৯২টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। গত বারের থেকে এবার এক হাজার ৭১৫টি বেশি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে, এগুলোর বেশিরভাগই মফস্বলের।

গত বছর ৩ হাজার ৩৭৭টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছিল।

আর এ বিষয়টিও পাসের হারে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করেন শিক্ষামন্ত্রী। শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বরাবরই ভালো ফল করে থাকে উল্লেখ করে তিনি বলছেন, মেধা এখন মফস্বলের শিক্ষা প্রতিষ্ঠানেও ছড়িয়ে পড়ছে।

৭ শতাংশই জিপিএ-৫

এবারের মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৭ দশমিক ০৩ শতাংশ শিক্ষার্থী পূর্ণ জিপিএ পেয়েছে। গত বছর ৫ দশমিক ৮২ শতাংশ শিক্ষার্থী জিপিএ-৫ পায়।

এবার উত্তীর্ণদের মধ্যে ৩১ দশমিক ২১ শতাংশ ‘এ’ গ্রেড, ১৯ দশমিক ২২ শতাংশ এ মাইনাস, ১৬ দশমিক ৯ শতাংশ ‘বি’ গ্রেড, ১৪ দশমিক ৪৬ শতাংশ ‘সি’ গ্রেড এবং ১ দশমিক ০২ শতাংশ শিক্ষার্থী ‘সি’ গ্রেড পেয়েছে।

পুরনো খবর:

মাধ্যমিকে পাস ৮৯.০৩%
রেকর্ড ফলে জেএসসি’র প্রভাব: নাহিদ