বরিশালে দুই বাসে আগুন
বরিশালে গভীর রাতে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আগৈলঝাড়া থানার ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, বরিশাল-পয়সার হাট রুটের শুভেচ্ছা পরিবহনের একটি বাস পয়সার হাট বাসস্ট্যান্ডে ছিল। রাত সাড়ে ৩টার দিকে তাতে আগুন দেয়া হয়। এতে পুরো বাসটি পুড়ে যায়।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
এদিকে, প্রায় একই সময় গৌরনদীর ভুরঘাটা বাসস্ট্যান্ডে বরিশাল- মাওয়া ঘাট রুটের ইলিশ পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয় বলে হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. ইকবাল হোসেন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, হেফাজতে ইসলাম অথবা জামায়াতের লোকজন বাসে অগ্নিসংযোগ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
