২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে বসেছে জাগরণ মঞ্চ

গণজাগরণ মঞ্চের পরবর্তী কর্মসূচি নির্ধারণে প্রতিনিধি সম্মেলন শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2013, 10:01 AM

Updated : 25 Apr 2022, 06:41 PM

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘চেতনায় জ্বালো মুক্তিযুদ্ধের আলো’ স্লোগানে মঞ্চের প্রতিনিধিদের নিয়ে এই সম্মেলন শুরু হয়।

দুপুর পোনে ১২টায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সম্মেলন শুরুর পর সাভার ট্র্যাজেডির ঘটনায় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং একটি  শোক প্রস্তাব পাঠ করা হয়।

সম্মেলনের স্বাগত বক্তব্যে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, গণজাগরণ মঞ্চের বৃহত্তর লক্ষ্য হচ্ছে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।

“এই লক্ষ্যে গণজাগরণ মঞ্চ তাদের কর্মসূচি অব্যহত রেখেছে। দলমত নির্বিশেষে যে কোনো সরকারের কাছে এই দাবি প্রতিষ্ঠার সংগ্রামে গণজাগরণ মঞ্চ আপোষহীন থাকবে।

“আর এই লক্ষ্য অর্জনে আমাদের হতে হবে আরো তীক্ষ্ণ, আরো ক্ষুরধার, আরো সাহসী, আরো লক্ষ্যভেদী। আজকের প্রতিনিধি সমাবেশ থেকে আমরা সেই লক্ষ্যেই যাত্রা শুরু করব।”

সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূল পর্যায়ের কথাগুলো শোনার জন্যই এর আয়োজন। সবার মতামত নিয়ে আলোচনার মাধ্যমেই পরবর্তী প্রতিটি পদক্ষেপ ঠিক করা হবে।

“আমরা এখানেই থেমে যেতে চাই না, আমরা এই মুহূর্তে ঘরে  ফিরে যেতে ইচ্ছুক নই। গণজাগরণ মঞ্চের মাধ্যমে যে বিশাল জনস্রোত নতুন করে কথা বলতে শিখেছে, নতুন করে স্বপ্ন ধারণ করতে সক্ষম হয়েছে, তাদের সবাইকে নিয়ে আরো দীর্ঘ যাত্রার আহ্বান জানাতেই আজ সমবেত হয়েছি।”

ইমরান এইচ সরকারের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু, ছাত্র ইউনিয়নের সভাপতি এস এম শুভ, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি প্রবীর সাহা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সাইফুজ্জামান সাকন, জাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি হুসাইন আহমেদ তফসির, ছাত্র ঐক্য ফোরামের আহ্বায়ক সোহান সোবহান অংশ নিচ্ছেন।

দিনব্যাপী এ সম্মেলনের প্রথাম ভাগে ইমরান এইচ সরকারের পাশাপাশি বিভাগীয় পর্যায়ের কয়েকজন প্রতিনিধি তাদের বক্তব্য তুলে ধরেন। জুমার নামাজের পরে জেলা পর্যায়ের প্রতিনিধিরা তাদের বক্তব্য ও প্রস্তাব তুলে ধরেন।