২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের মাহবুব হোসেন

যুক্তরাষ্ট্রের আলোচিত সাময়িকি ফরেইন পলিসির করা তালিকায় বিশ্বের ‘প্রভাবশালী ৫০০ ব্যক্তির’ মধ্যে স্থান পেয়েছেন ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2013, 04:05 AM

Updated : 23 Aug 2022, 10:42 AM

এ সাময়িকির মে/জুন সংস্করণে প্রকাশিত এই তালিকায় তিনিই একমাত্র বাংলাদেশি।

রাজনৈতিক পরিচিতি, পদাধিকার, অস্ত্রের জোর, মেধা, অর্থ এবং ভাল ও মন্দ করার ক্ষমতা- এই নিয়ামকগুলো বিবেচনায় নিয়েই একজন ব্যক্তির ‘প্রভাব’ নির্ণয়ের চেষ্টা করেছে ফরেইন পলিসি।

‘৫০০ প্রভাবশালীর’ এই তালিকায় দেখা যায়, সর্বোচ্চ চারটি নিয়ামক একসঙ্গে এসেছে কেবল তিন জনের নামের পাশে। এর হলেন- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার ভ্লাদিমির পুতিন।

ফরেইন পলিসির বিচারে ওবামার ক্ষেত্রে ক্ষমতার উৎস তার রাজনৈতিক পরিচিতি, পদাধিকার, অস্ত্রের জোর ও মেধা। বাকি দুজনের ক্ষেত্রে নিয়ামক দেখানো হয়েছে রাজনৈতিক পরিচিতি, পদাধিকার, অস্ত্রের জোর ও অর্থ।

তালিকায় আরও আছেন মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী নোবেলজয়ী অং সান সুচি, আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, জাতিসংঘের মহাসচিব বান কি মুন, যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং ইরানের আলী খামেনিকে ‘প্রভাবশালীর’ এই তালিকায় রাখার ক্ষেত্রে তাদের অস্ত্রের জোর ও ‘অনিষ্ট করার ক্ষমতা’র কথা বলেছে ফরেইন পলিসি।  

আর ‘বিশ্বের সবচেয়ে বড়’ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেনকে ‘প্রভাবশালী’ বলা হয়েছে ‘জনকল্যাণে’ তার অবদান রাখার ক্ষমতা বিবেচনায় নিয়ে।    

ফরচুন, ফোর্বস, ইন্টারন্যাশনাল মিডিয়া করপোরেশন, ওয়ালস্ট্রিট জার্নাল, মার্কেট ওয়াচসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিবেদন ও তালিকাও কাজে লেগেছে ফরেইন পলিসির এই তালিকা করার ক্ষেত্রে। 

ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রাম উন্নয়ন ও কৃষিনীতি বিষয়ে গবেষণার জন্য পরিচিতি পাওয়া ড. হোসেন ব্র্যাকের নির্বাহী পরিচালক হন ২০০৭ সালে। এর আগে তিনি আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (আইআরআরআই) সামাজিক বিজ্ঞান বিভাগের প্রধান ছিলেন।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থার (বিআইডিএস) মহাপরিচালকের দায়িত্ব পালন ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানে কাজ করেছেন এই গবেষক। 

১৯৭২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি- ব্র্যাক বর্তমানে ক্ষুদ্রঋণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, আইনসহায়তা, উদ্যোক্তা প্রশিক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে। ১১টি দেশে ব্র্যাকের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ভূমিকা রাখছেন ১ লাখ ২০ হাজার কর্মী।