২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাপাসিয়ার দেড় কিলোমিটার এলাকায় ভূমিতে ফাটল

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে ভূমিতে গভীর ফাটল দেখা দিয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর  ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2013, 05:02 PM

Updated : 23 Aug 2022, 10:40 AM

উপজেলার রায়েদ ইউনিয়নের মগারটেক এলাকা থেকে পূর্বদিকে বারিষাবহ ইউনিয়নের বর্জারপুর এলাকার আন্ধি বিল পযর্ন্ত সর্বসাম্প্রতিক বৃষ্টিপাতের পর থেকেই ওই ফাটল দৃশ্যমান হয়। এ নিয়ে এলাকাবাসী চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

কাপাসিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা আলাউদ্দিন আলী জানান, সোমবার তিনি ও কাপাসিয়া থানার ওসি মো. দেলোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে তারা কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারেন নি।

তবে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন, ওই এলাকার পার্শ্ববর্তী কপালেশ্বর এলাকায় গ্যাস অনুসন্ধান করতে গিয়ে সংশ্লিষ্টরা মাটির নীচে ডিনামাইটের বিস্ফোরণ ঘটায়। এ কারণেও ওই ফাটল দেখা দিতে পারে। ফাটলটি প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। ওই এলাকা থেকে ৫-৬ কিলোমিটার দূরে শীতলক্ষ্যা নদী।

তবে নদী ভাঙ্গন বা বালি উত্তোলনজনিত কোনো কারণে ওই ফাটল সৃস্টি  হয়নি- এটা তারা প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন।

ভূমিতে ফাটল দেখা দেয়ার কারণ জানতে মঙ্গলবার জেলা প্রশাসনের মাধ্যমে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

স্থানীয় হাইলজোর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আক্তারুজ্জামান জানান, রায়েদ ও বারিষাবহ ইউনিয়নের কয়েকটি গ্রামে মাটিতে ৯-১০দিন আগে এ ফাটল দেখা যায়। কয়েক ফুট গভীর ওই ফাটল অনেকের কৃষি জমি, বসতঘর, উঠোন ও রাস্তার উপর দিয়ে চলে গেছে। দেখা গেছে ওই ফাটলের ভিতর দিয়ে  ৩-৪ ফুট লম্বা লাঠিও অনায়াসে নীচে চলে যায়। এতে মনে হয় ফাটলের বিস্তৃতি আরো গভীরে রয়েছে।

বারিষাবহ ইউনিয়নের বর্জাপুর গ্রামের মাওলানা মো. হারিছ মোল্লা জানান, তার বাড়ির পশ্চিম দিক থেকে একটি ফাটল উঠোনের উপর দিয়ে পার্শ্ববর্তী মুজিবুর রহমানের বাড়ির নীচ দিয়ে পূর্বদিকে স্থানীয় আন্ধি বিলে চলে গেছে। এতে ওই ফাটলের ওপর থাকা তার ও মুজিবুর রহমানের দুটি ঘরে ফাটল দেখা দিয়েছে। এ নিয়ে তারা চরম আতঙ্কের মধ্যে আছেন।

ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (ডুয়েট) এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক বলেন, “আমি প্রায় ৮-৯ বছর ধরে ভূমিকম্প ও এ সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করছি। প্রাথমিকভাবে মনে হয় এটা প্রাকৃতিক কারণে হয়েছে। ডিনামাইট বিস্ফোরণে এতো বড় এলাকা জুড়ে ফাটল সৃস্টি হওয়ার সম্ভাবনা নেই।”