হাই কোর্টে রানা আর ৪ গার্মেন্ট মালিক
সাভারের ধসে পড়া রানা প্লাজার মালিক মো. সোহেল রানা আর ওই ভবনের গার্মেন্ট কারখানারগুলোর চার মালিককে হাই কোর্টে নেয়া হয়েছে।
সোহেল রানাসহ গ্রেপ্তার তিনজন।
কিছুক্ষণ পর তাদের নেয়া হয় বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকারের বেঞ্চে।
যুবলীগ নেতা সোহেল রানাসহ ওই ভবনের গার্মেন্ট কারখানাগুলোর চেয়ারম্যন, এমডি ও প্রধান নির্বাহীদের বৃহস্পতিবার স্বতপ্রণোদিত হয়ে হাজির করতে বলেছিল হাই কোর্টের এই বেঞ্চ।
আদেশে সোহেল রানা ও গার্মেন্ট মালিকদের ৩০ এপ্রিল হাজির করার জন্য সাভার থানার ওসিকে নির্দেশ দেয়া হয়। আর বিষয়টি নিশ্চিত করতে বলা হয় ঢাকা জেলার পুলিশ সুপারকে।
পরে আইনজীবী ইউনুস আলী আকন্দের একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে রানা ও গার্মেন্ট মালিকদের তলব করে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ। তবে ভবন আর গার্মেন্ট মালিকদের মির্জা হোসেইন হায়দার ও মুহাম্মদ খুরশিদ আলমের বেঞ্চেই নেয়া হয়েছে।
ফরিদপুর থেকে বেনাপোল পৌঁছে ভারত পাড়ি দেয়ার আগে গত রোববার কথিত যুবলীগ নেতা রানাকে গ্রেপ্তার করে র্যাব।
ভবন ধসে প্রায় চারশ’ মানুষের প্রাণহানির মামলায় সোহেল রানার বাবা আব্দুল খালেককেও সোমবার গ্রেপ্তার করা হয়।
গত ২৩ এপ্রিল ফাটল দেখা দেয়ার পরও সোহেল রানার মালিকানাধীন ভবনে থাকা পাঁচটি কারখানায় পরদিন কাজ চলছিল, এর মধ্যেই ধসে পড়ে ভবনটি। সেখানে এখনো উদ্ধার কাজ চলছে।
ভবন নির্মাণে অনিয়ম এবং শ্রমিকদের কাজে বাধ্য করে মৃত্যুর মুখে ঠেলে দেয়ার অভিযোগে পুলিশ ও রাজউক দুটি মামলা করেছে, যাতে সোহেল রানা ও তার বাবাকে আসামি করা হয়েছে।
ওই দুটি মামলায় পাঁচটি কারখানার মোট চার মালিককেও গ্রেপ্তার করা হয়েছে।
