রানার আরেক সহযোগী গ্রেপ্তার
সাভারে ধসে পড়া ভবনের মালিক সোহেল রানার পলায়নে সহায়তা করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার ঢাকায় থেকে আবুল হাসান (৩০) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব জানিয়েছে।
আবুল হোসেনের বাড়ি ফরিদপুরের হোগলাকান্দি গ্রামে। গত ২৪ এপ্রিল ভবন ধসের পর পলাতক রানা ফরিদপুরে এক রাত কাটিয়েছিলেন বলে র্যাব জানায়।
ফরিদপুর থেকে বেনাপোল পৌঁছে ভারত পাড়ি দেয়ার আগে গত রোববার কথিত যুবলীগ নেতা রানাকে গ্রেপ্তার করে র্যাব। রানার সঙ্গে থাকা শাহ আলম মিঠু ও অনীলকেও গ্রেপ্তার করা হয়। তাদের সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।
ভবন ধসে প্রায় চারশ’ মানুষের প্রাণহানির মামলায় সোহেল রানার বাবা আব্দুল খালেককেও সোমবার গ্রেপ্তার করা হয়।
গত ২৩ এপ্রিল ফাটল দেখা দেয়ার পরও সোহেল রানার মালিকানাধীন ভবনে থাকা পাঁচটি কারখানায় পরদিন কাজ চলছিল, এর মধ্যেই ধসে পড়ে ভবনটি। সেখানে এখনো উদ্ধার কাজ চলছে।
ভবন নির্মাণে অনিয়ম এবং শ্রমিকদের কাজে বাধ্য করে মৃত্যুর মুখে ঠেলে দেয়ার অভিযোগে পুলিশ ও রাজউক দুটি মামলা করেছে, যাতে সোহেল রানা ও তার বাবাকে আসামি করা হয়েছে।
ওই দুটি মামলায় পাঁচটি কারখানার মোট চার মালিককেও গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- ইথার টেক্সের মালিক আনিসুর রহমান, ফ্যান্টম অ্যাপারেলস ও ফ্যান্টম ট্যাকের মালিক আমিনুল ইসলাম, নিউ ওয়েভ বটমের মালিক মাহমুদুর রহমান তাপস এবং নিউ ওয়েভ স্টাইলের মালিক বজলুস সামাদ আদনান।
এছাড়া সাভার পৌরসভার দুই প্রকৌশলীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- নির্বাহী প্রকৌশলী ইমতেমাম হোসেন ও সহকারী প্রকৌশলী আলম মিয়া।
