গ্রেপ্তার কারখানা মালিক ও প্রকৌশলীরা রিমান্ডে
সাভারে ভবন ধসে হতাহতের দুই মামলায় দুই কারখানা মালিক এবং দুই প্রকৌশলীকে রিমান্ডে পাঠিয়েছে আদালত।
এরা হলেন- নিউ ওয়েভ বটমের মালিক মাহমুদুর রহমান তাপস, নিউ ওয়েভ স্টাইলের মালিক বজলুস সামাদ আদনান, সাভার পৌরসভার নির্বাহী প্রকৌশলী ইমতেমাম হোসেন ও সহকারী প্রকৌশলী আলম মিয়া।
দুই কারখানা মালিককে শুক্রবার রাতে এবং দুই প্রকৌশলীকে শনিবারে সকালে গ্রেপ্তার করা হয়। বিকালে তাদের আদালতে পাঠায় পুলিশ।
সাভার থানায় করা মামলায় এই চারজনকে দুটি মামলার প্রতিটিতে সাত দিন করে হেফাজতে চেয়ে আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার এসআই কাইসার মাতুব্বর।
তার আবেদনের শুনানি হয় জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. তাজুল ইসলামের আদালতে।
বিচারক দুই কারখানা মালিককে দুটি মামলার প্রত্যেকটিতে ছয় দিন করে জিজ্ঞাবাদের আদেশ দেন। দুই প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদের জন্য প্রতিটি মামলায় চার দিন করে সময় পেয়েছে পুলিশ।
আসামিদের পক্ষে জামিনের আবেদন হলেও তা নাকচ করেন বিচারক।
গত বুধবার রানা প্লাজা ধসের পর রাজউক এবং পুলিশ বাদী হয়ে মামলা দুটি দায়ের করে। দুই মামলায় ভবন মালিক যুবলীগ নেতা সোহেল রানাও আসামি, তবে তিনি পলাতক রয়েছেন।
বহুতল ওই ভবনে যে পাঁচটি কারখানা ছিল, তার বাকি তিনটির মালিককেও মামলায় আসামি করা হয়েছে।
ওই ভবন ধসে নিহতের সংখ্যা ইতোমধ্যে সাড়ে তিনশ’র কাছাকাছি পৌঁছেছে। অভিযোগ রয়েছে, ওই ভবনটি নির্মাণে আইন অনুসরণ করা হয়নি।
মামলায় অবহেলায় মৃত্যু, ইমারত নির্মাণ আইন মেনে না চলাসহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে।
অবহেলার কারনে মৃত্যু ও ইমারত নির্মাণ আইনের পৃথক দুই মামলার শুনানিতে আসামিদের আইজীবীরা বলেন, ঘটনাটিতে আমরা নিজেরাও মর্মাহত। কিন্তু এই চার আসামির কেউ ঘটনার জন্য দায়ী নন।
দুই প্রকৌশলী এ ভবন নির্মাণের অনেক পর তাদের চাকরিস্থলে যোগদান করেন। দুই প্রকৌশলীকে যদি গ্রেপ্তার করতে হয় তবে আগে গ্রেপ্তার করতে হবে সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে।
দুই মালিক অর্থাৎ পোশাক কারখানা নিউ ওয়েভের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান শ্রমিকদের কাজ করানোর জন্য জোর করেননি বলেও দাবি করেন আইনজীবীরা।
আদালতকে তারা জানান, অবহেলায় মৃত্যুর মামলার সব ধারাই জামিনযোগ্য। জামিনযোগ্য মামলায় জামিন পাওয়া হচ্ছে আসামির অধিকার, কোন অনুকম্পা নয়।
আসামিদের পক্ষে শুনানি করেন, আইনজীবী মিজানুর রহমান মোল্লা, কামাল হোসেন প্রমুখ।
এর বিরোধিতা করে এ আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল বলেন, শ্রমিকরা সেদিন কাজ করতে না চাইলেও সেদিন গার্মেন্ট মালিক দুই আসামি মাহমুদুর রহমান তাপস এবং বজলুস সামাদ আদনান জোর করে চাকরি খাওয়ার হুমকি দিয়ে শ্রমিকদের ওই ভবনে ঢোকান।
অবহেলায় মৃত্যুর মামলার পাঁচটি ধারা, যার সবগুলো ধারাই জামিনযোগ্য।
এর মধ্যে দণ্ডবিধির ৩৩৭ ধারার (মানুষের জীবন বিপন্ন করে এমন কাজ) শাস্তি ছয়মাস সশ্রম বা বিনাশ্রম করাদণ্ড, আড়াইশ’ টাকা জরিমানা বা উভয় দণ্ড, ৩৩৮ ধারার (মানুষের জীবন বিপন্ন করে এমন আঘাত) শাস্তি দুই সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় শাস্তি, ৩০৪ (ক) ধারায় (অবহেলার দ্বারা মৃত্যু ঘটানে) পাঁচ বৎসর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
এ ছাড়া ৪২৭ ধারায় (ক্ষতি করা এবং ৫০ টাকা বা ততোধিক মূল্যের জিনিস নষ্ট করা) শাস্তি দুই বছরের সশ্রম কারাদণ্ড, জরিমানা বা উভয় দণ্ড এবং
গৃহ নির্মাণ আইনের ১২ ধারায় সর্বোচ্চ শাস্তি সাত বছর সাজা, জরিমানা। তবে এ ধারাটি জামিন যোগ্য নয়।
