২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার পৌরসভার দুই প্রকৌশলী গ্রেপ্তার

ভবন ধসের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সাভার পৌরসভার দুই প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2013, 06:34 AM

Updated : 23 Aug 2022, 10:39 AM

ভবন মালিক সোহেল রানার দুই আত্মীয় এবং ভবনে থাকা পাঁচ কারখানার মধ্যে ‍দুটির মালিকের পর দুই প্রকৌশলী গ্রেপ্তার হলেন।

এরা হলেন- পৌরসভার নির্বাহী প্রকৌশলী ইমতেমাম হোসেন ও সহকারী প্রকৌশলী আলম মিয়া।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে পৌরসভা ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে সাভার মডেল থানার এসআই হারেছ মিয়া জানিয়েছেন।

সাভারে ভবন ধসের ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন থানার এসআই কায়সার মাতুব্বর।

ভবন ধসে প্রাণহানির ঘটনায় সাভার থানায় দুটি মামলা হয়েছে। এর একটি করেছে পুলিশ, অন্যটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।

যুবলীগ নেতা সোহেল রানার নয়তলা ওই ভবন বেআইননিভাবে নির্মিত হয়েছিল বলে অভিযোগ উঠেছে। রাজউকের আওতাধীন এলাকা হলেও পৌরসভার অনুমোদন নিয়ে ভবনটি নির্মাণ করা হয়।

গত ২৩ এপ্রিল ভবনটিতে ফাটল দেখা দিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও সেখানে থাকা পাঁচ কারখানায় কাজ চলে। শ্রমিকদের অভিযোগ, তাদের কাজে যোগ দিতে মালিক পক্ষ বাধ্য করেছিল।

দুই গার্মেন্ট নিউ ওয়েভ বটমস ও নিউ ওয়েভ স্টাইলের মালিক মাহবুবুর রহমান তাপস ও বজলুস সামাদ আদনানকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

ধসে পড়া ভবন ‘রানা প্লাজা’র মালিক সোহেল রানার দুই আত্মীয়কে গ্রেপ্তার করা হয়েছে। তবে রানার সন্ধান এখনো পায়নি পুলিশ।

এই ভবন ধসে নিহতের সংখ্যা ইতোমধ্যে তিনশ’ ছাড়িয়েছে। শনিবারও উদ্ধার অভিযানে কয়েকটি লাশ উদ্ধার করা হয়েছে, উদ্ধার হয়েছেন জীবিত কয়েকজনও।

পুরনো খবর:

রানার ২ আত্মীয় আটক
দুই গার্মেন্ট মালিক গ্রেপ্তার