২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানার ২ আত্মীয় আটক

সাভারে ধসে পড়া বহুতল ভবন ‘রানা প্লাজা’র মালিক মো. সোহেল রানার দুই আত্মীয়কে জিজ্ঞাসাবাদের জন্য মানিকগঞ্জ থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2013, 12:57 PM

Updated : 25 Apr 2022, 06:39 PM

আটকরা হলেন, মানিকগঞ্জের হরিনামপুর থানার পোদ্দারবাড়ী এলাকার বাসিন্দা রানার চাচাত ভাই জাহাঙ্গীর আলমের স্ত্রী মুন্নী বেগম ও রানার ফুফা আনোয়ার হোসেন।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী বলেন, শুক্রবার সকাল ৯টার দিকে সাভার পুলিশ তাদেরকে নিজ বাড়ি থেকে আটক করে।

এর বেশি কিছু জানাতে চাননি এই পুলিশ কর্মকর্তা।

হরিরামপুর থানার ওসি শওকত আলীও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আটকের পর দুপুরে সাভার পুলিশ তাদেরকে নিয়ে গেছে।”

বুধবার সকালে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজায় ধসের ঘটনায় নিহতের সংখ্যা তিনশ' ছাড়িয়ে গেছে। শুক্রবার সেখানে তৃতীয় দিনের উদ্ধার অভিযান চলছে।

পৌর যুবলীগ নেতা সোহেল রানার মালিকানাধীন ওই ভবনে মঙ্গলবার ফাটল দেখা দিলে শিল্প পুলিশ ভবনে কাজ বন্ধ করতে বললেও বুধবার সকালে কারখানাগুলোতে কাজ শুরু হয়। বেঁচে আসা শ্রমিকদের অভিযোগ, তাদের কারখানায় ঢুকতে বাধ্য করা হয়েছিল।

নয় তলা ওই ভবনের দোতলা পর্যন্ত ছিল দোকান। ওপরে ছিল পাঁচটি পোশাক কারখানা।

এরই মধ্যে এ ঘটনায় ঘটনায় রানা ও কারখানা মালিকদের আসামি করে বুধবার রাতে পুলিশ ও রাজউকের পক্ষ থেকে সাভার মডেল থানায় দুটি মামলা করা হয়। এছাড়া হাইকোর্ট তাদের আগামী ৩০ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।

ভবন ধসের ঘটনায় রানা ও পোশাক কারখানার মালিকদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

তার প্রেস সচিব আবুল কালাম আজাদ শুক্রবার বলেন, “রানা প্লাজার মালিক সোহেল রানা ও ওই ভবনের পাঁচটি পোশাক কারখানার মালিকদের অবিলম্বে গ্রেপ্তার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।”