২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে হরতালে ভাংচুর, আটক ২

বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে সিলেটে বিএনপির ডাকা আধাবেলা হরতালের শুরুতে গাড়ি ভাংচুর করেছে পিকেটাররা। ভাংচুরের সময় দুই ছাত্রদল কর্মীকে আটক করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2013, 04:00 AM

Updated : 13 Oct 2022, 02:51 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলকর্মীরা সোমবার সকাল সোয়া ৬ টার দিকে  নগরীর শাহী ঈদগাহ ও শিবগঞ্জে চারটি অটোরিকশা ও একটি পিকআপ ভ্যান ভাংচুর করে।

এরপর সকাল সাড়ে ৬ টার দিকে জিন্দাবাজার এলাকায় হরতালে সমর্থনে মিছিল করেছে জেলা ও মহানগর ছাত্রদল।

পরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এবং ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ নগরীতে হরতালের সমর্থনে মিছিল করে।

এদিকে, সকাল ৯টার দিকে নগরীর শিবগঞ্জে গাড়ি ভাংচুরের সময় দেলওয়ার হোসেন ও ফয়েজ রহমান নামের দুই ছাত্রদলকর্মীকে আটক করে পুলিশ।

শাহপরাণ থানার ওসি লিয়াকত আলী জানান, মোটর সাইকেলে এসে  গাড়ি ভাংচুর শুরু করে দেলওয়ার ও ফয়েজ। এ সময় তাদের আটক করা হয়।

সকাল থেকে নগরীতে বিচ্ছিন্নভাবে কিছু রিকশা ও অটোরিকশা চলাচল করলেও ভারী যানবাহন চলছে না।

সিলেট থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ।

হরতালে  নাশকতা এড়াতে নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর বাইরে বিজিবি ও র‌্যাবের টহল রয়েছে।

মহানগর পুলিশের উপ-কমিশনার রেজাউল করিম জানান, বিচ্ছিন্ন দু’একটি ভাংচুরের ঘটনা ছাড়া শহরের পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সিলেট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালনের কথা থাকলেও হযরত শাহজালাল (রহ.) দরগাহ শরীফের মোতওয়াল্লী সরে কওম ইউসুফ আমান উল্লাহর মৃত্যু এবং তার জানাজার কারণে হরতালের সময়সীমা সকাল ৬টা থেকে বেলা ১২ টা পর্যন্ত কমিয়ে আনে জেলা বিএনপি।

সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি দিলদার হোসেন জানান, দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ যাতে দরগাহ শরীফের মোতওয়াল্লীর জানাজায় অংশ নিতে পারে সেজন্য হরতালের সময় কমিয়ে আনা হয়েছে।

এদিকে, একই দাবিতে মহানগর বিএনপির ডাকা মঙ্গলবার আধাবেলা হরতাল কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর বিএনপির সভাপতি এম এ হক।

তিনি বলেন, সাভারে প্রাণহানির ঘটনায় বিএনপি চেয়ারপার্সন ৩০ এপ্রিল সারা দেশে শোক পালনের আহবান জানিয়েছেন । এ কারণে হরতাল স্থগিত করা হয়েছে।

গত বছরের ১৭ এপ্রিল রাতে ঢাকার বনানীর থেকে বাসা থেকে বেরোনোর পর নিখোঁজ হন বিএনপির সাবেক সাংসদ ও সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।