রানার সম্পদের উৎস খতিয়ে দেখবে দুদক
সাভারের ধসে পড়া ভবন রানা প্লাজার মালিক যুবলীগ নেতা সোহেল রানার সম্পদের উৎস এবং ওই ভবন নির্মাণের অনুমোদন ছিল কি না তা খতিয়ে দেখতে একটি তদন্ত দল গঠন করেছে দুর্নীতি দমন কমিশন।
তিনি বলেন, দুদকের উপ পরিচালক রফিকুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের এই কমিটিকে সোহেল রানার সম্পদের উৎস ও রানা প্লাজা নির্মাণের ক্ষেত্রে অনিয়ম হয়েছিল কি না তা খতিয়ে দেখতে বলা হয়েছে।
বুধবার সাভার বাসস্ট্যান্ড এলাকার নয় তলা রানা প্লাজা ধসে পড়ার পর নিহতের সংখ্যা পৌনে চারশ ছাড়িয়ে গেছে।
আগের দিন ফাটল ধরার পরও ওই ভবনে থাকা পাঁচটি গার্মেন্ট কারখানায় শ্রমিকদের পরদিন সকালে কাজে যোগ দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ করেছেন বেঁচে ফিরে আসা শ্রমিকরা।
এ ঘটনায় রানা ও গার্মেন্ট মালিকদের বিরুদ্ধে সাভার মডেল থানায় দুটি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে রানা এবং তিন গার্মেন্ট মালিকসহ মোট ছয় জনকে।
বুধবার ঘটনাস্থল পরিদর্শনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ওই ভবনের অনুমোদন ছিল না।
সাভারের এই ভবনটি অনুমোদনের বিষয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং সাভার পৌরসভা উভয়েরই দায়িত্ব থাকলেও রাজউকের সাভার অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হেলাল আহমেদ জানিয়েছেন, রানা প্লাজার নকশা অনুমোদনের জন্য রাজউকে যোগযোগ করা হয়নি, সাভার পৌরসভা থেকে অনুমোদন করেছে।
অবশ্য সাভার পৌরসভার উপসহকারী প্রকৌশলী আব্দুল হালিম দাবি করেছেন, ভবনটি ছয় তলা করার অনুমোদন ছিল, কিন্তু তাদের না জানিয়ে ভবনটি উঁচু করা হয়েছে।
