আড়াই শতাধিক লাশ
সাভারে ভবন ধসে নিহতের সংখ্যা আড়াইশ’ ছাড়িয়েছে। ধসের ২৪ ঘণ্টা পরও জীবিত উদ্ধার করা হয়েছে কয়েকজনকে।
জীবিত আরো মানুষ ধ্বংসস্তূপের ভেতরে রয়েছে বলে ধারণা করছে উদ্ধারকর্মীরা। এই পর্যন্ত ৩৭২ জনের সন্ধান না পাওয়ার কথা জানিয়েছে স্বজনরা। এজন্য শনিবার সকাল পর্যন্ত উদ্ধার অভিযান চলবে বলে জানিয়েছে তারা।
ভবন ধসে শ্রমিকদের প্রাণহানির ঘটনায় শ্রম আদালতে বৃহস্পতিবার পাঁচটি মামলা হয়েছে।
এতে ভবন মালিক সোহেল রানাসহ গার্মেন্ট মালিকদের আসামি করা হয়েছে বলে শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান জানিয়েছেন। পাঁচটি গার্মেন্টের সদস্যপদ স্থগিত করেছে বিজিএমইএ।
ভবন মালিক ও গার্মেন্ট মালিকদের বিরুদ্ধে এর আগে পুলিশ ও রাজউক বুধবার রাতে দুটি মামলা করে।
তবে ভবন মালিক যুবলীগ নেতা রানাকে ২৪ ঘণ্টায়ও খুঁজে বের করতে পারেনি পুলিশ, যদিও স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, তাকে গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়েছে।
বুধবার সকালে ভবন ধসের পর স্থানীয় সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদ বের করে আনেন রানাকে, তারপর থেকে আত্মগোপনে তিনি।
ভয়াবহ এই ধস নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দেয়া বিবৃতিতে বলেছেন, এই বিপুল প্রাণহানির জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।
ভবন ধসে এই বিপুল প্রাণহানির জন্য সরকারের অবহেলাকে দায়ী করেছে বিএনপি। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া বৃহস্পতিবার ধ্বংসস্তূপে যান। হাসপাতালে গিয়ে আহতদেরও দেখে আসেন তিনি।
৫৬ শতাংশ জমির ওপর গড়ে ওঠা নয়তলা ভবন রানা প্লাজা বুধবার সকালে ধসে পড়ে। এতে দোতলা পর্যন্ত দোকান ছিল। ওপরে ছিল পাঁচটি কারখানা।
আগের দিন ওই ভবনে ফাটল দেখা দিলে শিল্প পুলিশ ভবনে কাজ বন্ধ করতে বললেও বুধবার সকালে কারখানাগুলোতে কাজ শুরু হয়। শ্রমিকদের অভিযোগ, তাদের কারখানায় ঢুকতে বাধ্য করা হয়।
ধসের সময় ভবনটিতে তিন হাজারের বেশি মানুষ ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে এর সঠিক পরিসংখ্যান পাওয়া যায়নি।
সাভারের অধরচন্দ্র বিদ্যালয় মাঠে লাশের অপেক্ষায় স্বজনরা।
ধসে পড়া ভবনের সামনে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে উদ্ধার কার্যক্রমের সর্বশেষ তথ্য জানানো হচ্ছে।
রাত ১০টায় সেখান থেকে জানানো হয়, নিহতের সংখ্যা বেড়ে ২৫৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ২১৩ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাত ১১টার দিকে ধ্বংসস্তূপ থেকে আরো এক নারীর লাশ উদ্ধার করা হয়। ফলে নিহতের সংখ্যা ২৫৬ জনে দাঁড়িয়েছে।
উদ্ধার কাজ চালানোর মধ্যে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ধ্বংসস্তূপে আগুন ধরে যায়। তবে তা ১৫ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আনে অগ্নি নির্বাপক বাহিনীর কর্মকর্তারা।
উদ্ধারকর্মীরা বলেছেন, লোহা কাটার সময় পোশাক কারখানায় পড়ে থাকা কাপড়ে আগুন ধরে যায়।
এর আধা ঘণ্টা আগে ভবন মালিক সোহেল রানাকে গ্রেপ্তারের দাবিতে ধসে পড়া ভবনের সামনে লাঠি মিছিল করে এলাকাবাসী।
আহত অনেককে উদ্ধার করা হয়েছে ধ্বংসস্তূপ থেকে। এই সংখ্যা দুই হাজারের বেশি বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন।
ধসের ২৪ ঘণ্টা পর বৃহস্পতিবার দুপুরে ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক মো. জাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, এই ২৫ জনকে উদ্ধার করা হয় চতুর্থ তলা থেকে।
ভবনের ভেতরে জীবিত অবস্থায় আরো অনেকে আটকা পড়ে রয়েছেন। তবে এই সংখ্যা ঠিক কত, তার কোনো হিসাব কেউ দিতে পারেনি।
নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, এখন পর্যন্ত ৩৭২ জনের সন্ধান পাওয়া যায়নি বলে তাদের স্বজনরা জানিয়েছেন। তাদের নাম লেখা হয়েছে।
ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার লাশগুলো নিয়ে যাওয়া হচ্ছে সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে, সেখানে সনাক্ত করে লাশ নিচ্ছেন স্বজনরা। নিখোঁজদের সন্ধানে স্বজনরা আহাজারি করছেন সেখানে।
অন্যদিকে আহতদের নেয়া হচ্ছে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। উদ্ধার করার ক্ষেত্রে অনেকের অঙ্গহানিও ঘটছে। পাখি নামে এক শ্রমিককে দুই পা কেটে উদ্ধার করা হয়।
জীবিতদের উদ্ধারে আগামী শনিবার সকাল পর্যন্ত ধ্বংসাস্তূপে তল্লাশি চলবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক জাহিদুল ইসলাম।
তিনি সাংবাদিকদের বলেন, তারা ভবনের নিচের দিকের বিভিন্ন তলায় পৌঁছে গেছেন।
“আমরা এখনো জীবিত মানুষ পাচ্ছি। ৭২ ঘণ্টা (ভবন ধসের পর থেকে) পর্যন্ত জীবিতদের সন্ধান করবো আমরা।”
এরপর ভারী যন্ত্রপাতি দিয়ে ভবনের ধ্বংসাস্তূপ সরানোর কাজ শুরু হবে। বিভিন্ন যন্ত্রপাতি ইতোমধ্যে নেয়া হয়েছে সেখানে।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক আলী আহমেদ খান বিকালে সাংবাদিকদের জানান, ‘রানা প্লাজা’ যখন ধসে পড়ে, তখন ভেতরে পাঁচটি পোশাক কারখানায় তিন হাজারের বেশি মানুষ ছিলেন।
নয় তলা ওই ভবন ধসে এখন তিন তলার উচ্চতা নিয়ে আছে। একটি তলার সঙ্গে একটি তলা মিশে গেছে। এর মধ্যেই উদ্ধার কার্যক্রম চালছে।
ধসে পড়া ভবনে চাপা পড়া স্বজনের জন্য আহাজারি, হাতে স্বজনের ছবি।
তবে উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী দুপুরের পর সাংবাদিকদের বলেন, যারা আটকে পড়েছেন তাদের উদ্ধারে প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেয়া হচ্ছে। একটি লাশও ধ্বংসস্তূপের ভেতরে থাকবে না।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক শাহিনুর ইসলাম সাংবাদিকদের বলেন, “সবার আগে জীবিতদের উদ্ধারের দিকে জোর দিচ্ছি আমরা। হতাহত সবাইকেই আমরা উদ্ধার করবো।”
উদ্ধার কাজে ‘ধীর গতির’ অভিযোগ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ধসে পড়া ভবন থেকে ক্রেন দিয়ে টেনে স্ল্যাব সরিয়ে নেয়ার মতো প্রযুক্তি সেনা বাহিনীর হাতে আছে। কিন্তু ভেতরে আটকা পড়া জীবিতদের নিরাপত্তার স্বার্থেই তা ব্যবহার করা সম্ভব হচ্ছে না।”
কংক্রিট কেটে ছিদ্র করে ভেতরে আটকা পড়াদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ওই ছিদ্র দিয়েই আটকে পড়াদের পানি ও খাবার পাঠানোর চেষ্টা চলছে।
