২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেউ জানে না ভেতরে আছে কতজন

দেশের ইতিহাসে ভয়াবহতম ভবন ধসের ঘটনার পর দুই দিনে সাভারে দুই হাজারের মতো মানুষকে উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। আর নিহতের সংখ্যা দুইশ ত্রিশ ছাড়িয়েছে।

রিয়াজুল বাশার

কামাল তালুকদার ও সেলিম আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2013, 10:48 AM

Updated : 13 Oct 2022, 02:50 PM

পুরনো খবর:

ভবন ধসের ঘটনায় দুটি মামলা
ভবন ও গার্মেন্ট মালিকদের হাজিরের নির্দেশ
সাভারে ভবন ধসে ঝরে গেল শত প্রাণ
শত মৃত্যুর পর এখন একে অন্যকে দোষারোপ

ফায়ার ব্রিগেডের মহা পরিচালক আলী আহমেদ খান জানান, বুধবার সকালে সাভার বাসস্ট্যান্ড এলাকায় ‘রানা প্লাজা’ যখন ধসে পড়ে, তখন ভেতরে পাঁচটি পোশাক কারখানায় তিন হাজারের বেশি মানুষ ছিলেন।

তবে ভেতরে এখনো ঠিক কতো জন রয়েছেন সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি বা উদ্ধারকারীদের কেউ।  

লাশ হস্তান্তরের দায়িত্বে থাকা সাভার থানার এসআই সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আরো লাশ উদ্ধার হওয়ার পর নিহতের সংখ্যা বেড়ে ২৩১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে হস্তান্তর করা হয়েছে ১৭০ জনের লাশ।

বৃহস্পতিবার ভোর থেকেই ‘নিখোঁজ’ স্বজনদের খোঁজে ধসে পড়া রানা প্লাজার সামনে ভিড় করেন বহু মানুষ। উদ্ধার কার্যক্রম ধীরগতিতে চলছে বলেও অভিযোগ পাওয়া যায় উদ্বিগ্ন স্বজনদের কাছ থেকে।

তবে উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী বিকালে এক ব্রিফিংয়ে বলেন, যারা আটকে পড়েছেন তাদের উদ্ধারে প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেয়া হচ্ছে। সেনাবাহিনীর প্রশিক্ষিত ১১ শ' সদস্য এই উদ্ধার অভিযানে অংশ  নিচ্ছেন।

একটি লাশও ধ্বংসস্তূপের ভেতরে থাকবে না বলে উল্লেখ করেন তিনি।

উদ্ধার অভিযানে আছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিজিবি সদস্যরাও। পাশাপাশি স্থানীয় বহু মানুষ শুরু থেকেই সক্রিয় ভূমিকা রাখছেন কংক্রিট স্তূপের নিচ থেকে আটকে পড়াদের বের করে আনার কাজে। 

আইএসপিআরের পরিচালক শাহিনুর ইসলাম বলেন, “সবার আগে জীবিতদের উদ্ধারের দিকে জোর দিচ্ছি আমরা। হতাহত সবাইকেই আমরা উদ্ধার করব।”

উদ্ধার কাজে ‘ধীর গতির’ অভিযোগ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ধসে পড়া ভবন থেকে ক্রেন দিয়ে টেনে স্ল্যাব সরিয়ে নেয়ার মতো প্রযুক্তি সেনা বাহিনীর হাতে আছে। কিন্তু ভেতরে আটকা পড়া জীবিতদের নিরাপত্তার স্বার্থেই তা ব্যবহার করা সম্ভব হচ্ছে না।”

বুধবারের মতোই কংক্রিট কেটে ছিদ্র করে ভেতরে আটকা পড়াদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।  ওই ছিদ্র দিয়েই পানি ও খাবার পাঠানোর চেষ্টা চলছে।

উদ্ধারকর্মীরা বলছেন, আটকে পড়া সবাইকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। আর এজন্য লাগতে পারে আরো একদিন।

উদ্ধার কাজ তদারকের জন্য ধ্বংসস্তূপের পাশেই একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। আর সাভার অধরচন্দ্র বিদ্যালয় মাঠে স্বজনদের কাছে চলছে লাশ হস্তান্তর।

বহু মানুষ বুধবার থেকে সেখানে ভিড় করে আছেন প্রিয়জনের লাশের অপক্ষায়। স্কুল মাঠের এক কোণে আম গাছের নিচে ব্ল্যাকবোর্ডে তুলে ধরা হচ্ছে লাশের সংখ্যা।

স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বৃহস্পতিবার ভোরেই রানা প্লাজা এলাকা পরিদর্শনে করেন। উদ্ধারকারীদের সঙ্গে কথা বলে বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকও উদ্ধার কাজ তদারক করছেন। 

মঙ্গলবার রানা প্লাজায় ফাটল ধরার পর ওই ভবনে থাকা পাঁচটি পোশাক কারখানা বন্ধ করে দেয়া হয়। কিন্তু বুধবার সকালে গার্মেন্ট মালিকরা ফাটল ধরা ভবনেই শ্রমিকদের কাজ শুরু করতে বাধ্য করেন বলে অভিযোগ করেছেন বেঁচে ফিরে আসা অনেকেই।

শিল্প পুলিশ বলছে, ভবনটি বন্ধ রাখতে বলা হলেও গার্মেন্ট মালিকরা তা না শুনে সকালে কারখানা চালু করেন। ঝুঁকিপূর্ণ ভবনটি ‘বন্ধ’ রাখার প্রতিশ্রুতি দিলেও রানা প্লাজার মালিক স্থানীয় যুবলীগ নেতা সোহেল রানা তা রাখেননি বলে অভিযোগ করেছে বিজিএমই কর্তৃপক্ষ।

বুধবার ঘটনাস্থল ঘুরে দেখে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, রানা প্লাজা নির্মাণের ক্ষেত্রে ইমারত বিধিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়নি।