ধরো-মারো নয়, আগে উদ্ধার: প্রধানমন্ত্রী
সাভারে ভবন ধসে ধ্বংসস্তুপের মধ্যে আটকা পড়া ব্যক্তিদের উদ্ধারে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন।
বৃহস্পতিবার সকালে গণভবনে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় সরকারের এ অবস্থান তুলে ধরেন তিনি।
ভবন ধসের ঘটনাকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ অভিহিত করে এখনো যারা জীবিত আছেন তাদের উদ্ধার করাই সরকারের প্রধান কাজ হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “তাড়াহুড়ো করতে গেলে ক্ষতি হবে। তাড়াহুড়ো করার উপায় নেই। তাহলে এখানো যারা বেঁচে আছে তাদের বাঁচানো যাবে না। মাথা ঠাণ্ডা করে কাজ করতে হবে।”
বুধবার সকালে এই দুর্ঘটনায় ব্যাপক হতাহতের পর রাতে বিভিন্ন টেলিভিশনে আলোচনা অনুষ্ঠানে স্থাপত্যবিদরা ‘বিল্ডিং কোড’ মেনে সব দালান করা হয়েছে কি না তা অতিদ্রুত যাচাইয়ের পরামর্শ দেন। একই সঙ্গে রানা প্লাজার মালিক যুবলীগ নেতা রানাকে গ্রেপ্তারেরও দাবি জানান তারা।
এ বিষয়ে শেখ হাসিনা বলেন, “অনেক স্বনামধন্য আর্কিটেক্টের কারো কারো কথা হলো- এখনি যারা দোষী তাদের ধরো-মারো। তাদের কাছে উদ্ধার কাজের থেকে ধরা মারাই আগে।”
তিনি বলেন, “অনেকে বলছেন, এখনি যাচাই করা দরকার- বিল্ডিং কোড মেনে দালান করা হয়েছে কি না? আমি তো জানি বাংলাদেশের নাইন্টি পারসেন্ট বিল্ডিং ‘বিল্ডিং কোড’ মেনে করা হয় না। তা হলে সবই ডেমেলিশ করে দিতে হবে।”
টেলিভিশনের টক শো’তে শ্রমিক নেতাদের বক্তব্যেরও সমালোচনা করেন শেখ হাসিনা।
“বলতে খারাপই লাগে- শ্রমিকরা ওখানে পড়ে আছে। আর শ্রমিক নেতারা টক শোতে ব্যস্ত। শ্রমিক নেতাদের তো দুর্ঘটনাস্থলে থাকার কথা, তাদের তো টক শোতে থাকার কথা না।”
স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নেতৃত্বে উদ্ধার কাজ চলছে জানিয়ে তিনি বলেন, আলোচনার মাধ্যমে প্রতিটি সিদ্ধান্ত নেয়া হচ্ছে। একটা কমিটি করা হয়েছে। তারা সেখানে বসেই সিদ্ধান্ত নিচ্ছে।
