২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবাদপত্রবিহীন উত্তরাঞ্চল

গাড়ি ভাংচুরের জেরে সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর ও দিনাজপুরসহ দেশের উত্তরাঞ্চলে বুধবার ঢাকা থেকে সংবাদপত্র পৌঁছেনি।

জেলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2013, 04:00 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

মঙ্গলবার সকালে বগুড়ায় পিকেটাররা একটি সংবাদপত্রবাহী গাড়ি ভাংচুর করায় এ অবস্থার সৃষ্টি হয় বলে সংশ্লিষ্টরা জানান।

সিরাজগঞ্জ সংবাদপত্র এজেন্ট আমির আলী ও আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বগুড়ায় সংবাদপত্রবাহী গাড়ি হরতাল সমর্থকদের হামলার শিকার হওয়ায় সংবাদপত্র পরিবহনে ঠিকাদাররা আপত্তি জানান।

তাই বুধবার সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলে কোনো সংবাদপত্র আসেনি।

বগুড়া সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম বকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সকাল ৬টায় বগুড়ার শেরপুরে পিকেটাররা একটি সংবাদপত্রবাহী গাড়ি ভাংচুর করেছে।

এ কারণে পরিবহন ঠিকাদাররা সংবাদপত্র আনতে অস্বীকৃতি জানান, বলেন তিনি।

দিনাজপুরের সংবাদপত্র এজেন্ট মোকসেদ আলী বলেন, তাদের জেলায়ও সংবাদপত্র পৌঁছেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রংপুর প্রতিনিধিও জেলায় সংবাদপত্র না পৌঁছানোর কথা নিশ্চিত করেন।