২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতিরিক্ত ভার নিয়ে বঙ্গবন্ধু সেতুতে চলাচল বন্ধের নির্দেশ

বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে অতিরিক্ত ভার নিয়ে যানবাহন চলাচল বন্ধ করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2013, 01:41 PM

Updated : 23 Aug 2022, 10:36 AM

পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন দেখে সোমবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেন এই আদেশ দেয়।

আদালত সেতুর দুই পাশে থাকা সব অবৈধ দোকান ও স্থাপনা ভাঙার নির্দেশও দিয়েছে।

সাত দিনের মধ্যে সেতু বিভাগের প্রধান প্রকৌশলী এবং টাঙ্গাইল ও সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

জানুয়ারি থেকে এ পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর টোল আদায়ে কম্পিউটারভিত্তিক প্রতিবেদন আদেশ পাওয়ার সাত দিনের মধ্যে আদালতে দাখিলের নির্দেশও এতে রয়েছে।

কোন যুক্তিতে সেতু অতিক্রমের আগে সেতুর পার্কিং এলাকায় অবস্থানের জন্য ফি আদায় করা হচ্ছে, তা ব্যাখ্যা করতে টোল আদায়কারী প্রতিষ্ঠান শামীম এন্টারপ্রাইজ ও ইউনাইটেড ডেভেলপমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশকে নির্দেশ দিয়েছে আদালত।

অন্তর্বর্তীকালীন এসব আদেশের পাশাপাশি আদালত একটি রুলও দিয়েছে।

রুলে বঙ্গবন্ধু সেতুতে অবৈধভাবে টাকার বিনিময়ে অতিরিক্ত ভার নিয়ে যানবাহন চলাচল করতে দেওয়া বন্ধে সেতু বিভাগের সচিব, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক, স্বরাষ্ট্র সচিব, সেতু বিভাগের প্রধান প্রকৌশলীর নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।

পাশাপাশি এই অবৈধ কার্যক্রমের ঘটনা তদন্তে একটি স্বতন্ত্র কমিটি গঠনে কেন নির্দেশনা দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

সেতু বিভাগের সচিব, সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক, স্বরাষ্ট্র সচিব, সেতু বিভাগের প্রধান প্রকৌশলী, সেতুর টোল আদায়কারী প্রতিষ্ঠান শামীম এন্টারপ্রাইজ ও ইউনাইটেড ডেভেলপমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, টাঙ্গাইল ও সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসিকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

ইংরেজি দৈনিক ডেইলি স্টারে গত ২০ এপ্রিল টোল আদায় নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। আইনজীবী এম এম জুলফিকার আলী হায়দার, নূর উস সাদিক, নওরোজ এম আর চৌধুরী ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া পত্রিকার ওই প্রতিবেদনটি আদালতের নজরে আনেন।