২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নিহত

বরিশালে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থী নিহত হয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2013, 07:58 AM

Updated : 23 Aug 2022, 10:37 AM

সোমবার সকাল ১১টায় বরিশাল-ঢাকা সড়কের রাকুদিয়ার নতুন হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মিরাজ হোসেন (২২) উজিরপুর উপজেলার বিএন খান কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। তিনি উপজেলার পরমানন্দশাহ গ্রামের আবুল হোসেনের ছেলে।

এ সময় আহত মিরাজের সহপাঠী খোকন ও রিপনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাবুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোটরসাইকেলে করে মিরাজ ও তার বন্ধুরা ইছলাদী থেকে বরিশাল যাচ্ছিলেন।

নতুন হাট এলাকায় বিপরীত দিক থেকে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজনই গুরুতর আহত হন।

পরে এলাকার লোকজন তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানের চিকিৎসক মো. ফকরুল আলম মিরাজকে মৃত্যু বলে ঘোষণা করেন।

বাসটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে বলে জানান এসআই আমান।