পরীক্ষায় অংশ নেয়ার দাবিতে চবিতে অনশন
স্নাতকোত্তর পরীক্ষায় অংশ গ্রহণের দাবিতে অনশন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পদার্থবিদ্যা বিভাগের একদল শিক্ষার্থী।
শনিবার সকাল ১০টায় বিভাগের সামনে তারা অনশনে বসেন। পরে সন্ধ্যায় প্রক্টরের আশ্বাসে এদিনের মতো কর্মসূচি প্রত্যাহার করেন তারা।
আগামী ২ মে অনুষ্ঠেয় বিভাগের স্নাতকোত্তর পরীক্ষায় অংশ নিতে চান এসব শিক্ষার্থী, যদিও তাদের চতুর্থ বর্ষের দ্বিতীয় সম্পূরক পরীক্ষা চলছে।
অনশনকারী শিক্ষার্থী ইউসুফ হাসান জানান, গত ২৮ মার্চ থেকে তাদের চতুর্থ বর্ষের দ্বিতীয় সম্পূরক পরীক্ষা শুরু হয়েছে। আগামী ১৩ মে পর্যন্ত এ পরীক্ষা চলবে। কিন্তু তার আগেই ২ মে থেকে স্নাতকোত্তর পরীক্ষা শুরুর সূচি দেয়া হয়েছে।
তিনি বলেন, তারা ২০০৬-০৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। পাঠ্যসূচিতে পরিবর্তন আনার কারণে ওই শিক্ষাবর্ষের কোনো শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হলে ফলাফল প্রকাশের ৪৫ দিনের মধ্যে পরীক্ষা কমিটির প্রথম সম্পূরক পরীক্ষা নেয়ার কথা। এরপরও কেউ কোনো কোর্সে ফেল করলে ফল প্রকাশের এক মাসের মধ্যে তাদের দ্বিতীয় সম্পূরক পরীক্ষা হওয়ার কথা।
“কিন্তু নির্ধারিত এক মাসের জায়গায় এক বছর পর দ্বিতীয় সম্পূরক পরীক্ষা হওয়ায় আমরা এ জটিলতায় পড়েছি।”
তিনি বলেন, দ্বিতীয় সম্পূরক পরীক্ষা শেষ না হওয়ার আগেই আগামী ২ মে থেকে স্নাতকোত্তর পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে, যাতে তারা এ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ হারাচ্ছেন।
আরেক অনশনকারী আশরাফ হোসেন বলেন, “এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক, উপাচার্যের কার্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টার সঙ্গে কথা হলে তারা সবাই আমাদের দাবি যৌক্তিক বলে মন্তব্য করেছেন। আমাদের দ্বিতীয় বিশেষ পরীক্ষা শেষ হওয়ার পর মাস্টার্স পরীক্ষা গ্রহণের জন্য বিভাগের সভাপতির কাছে সুপারিশ করতে বলেছেন তারা।”
“কিন্তু বিভাগীয় চেয়ারম্যানের স্বেচ্ছারিতায় আমাদের শিক্ষাজীবন ধ্বংসের মুখে পড়েছে।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মহিউদ্দীন বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ওই শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। তবে পরীক্ষা নেয়ার দায়িত্ব বিভাগের।
পদার্থবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক নজীবা সিদ্দিকাও আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা স্বীকার করেছেন।
“তবে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় বিশেষ পরীক্ষার জন্য আমি অন্যান্য শিক্ষার্থীদের পরীক্ষা আটকে রাখতে পারি না,” বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, প্রয়োজনে তারা পরের বছর পরীক্ষায় অংশ নেবে।
সন্ধ্যায় প্রক্টর সিরাজ উদ দৌল্লা অনশনস্থলে এসে শিক্ষার্থীদের জানান, রোববার তাদের বিভাগের একাডেমিক কমিটির বৈঠক রয়েছে। ওই বৈঠকে তাদের দাবি নিয়ে আলোচনা হবে।
এরপর অনশন ভাঙেন শিক্ষার্থীরা।
