‘সন্ত্রাসের দায় থেকে খালেদারও রেহাই নেই’
সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় থেকে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াও রেহাই পাবেন না বলে হুঁশিয়ার করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বিকালে কুমিল্লার টাউন হল মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, “মানুষ, পুলিশ, নিরীহ ড্রাইভারদের খুন করে ভেবেছেন পার পেয়ে যাবেন। এসকল খুনের দায় আপনাকে [খালেদা] নিতে হবে। বিএনপি-জামাত জোটকে সকল অপকর্মের দায় বহন করতে হবে।”
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করে।
যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে তার সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, যতই মানুষ খুন করেন, যা কিছুই করেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে পারবেন না। যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে, রায় দেয়া হচ্ছে, বিচার শেষ হবে।
তিনি খালেদার উদ্দেশে বলেন, আপনার স্বামী ৭৫ এর ঘাতকদের চাকরি দিয়ে বিদেশে পাঠিয়েও রক্ষা করতে পারেনি। আপনিও হরতাল দিয়ে মানুষ খুন করে, নৈরাজ্য সৃষ্টি করে যুদ্ধাপরাধীদের রক্ষা করতে পারবেন না।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “মানুষ খুন করাই বিএনপি-জামাতের কাজ। হরতালের নামে তারা নিরীহ বাস ড্রাইভার, রিকশাওয়ালা, সিএনজি চালকের উপর বর্বরোচিত হামলা করছে, তাদের রুটি-রুজির একমাত্র মাধ্যম ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে, পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে তাদেরকে নারকীয় কায়দায় হত্যা করছে।”
চট্টগ্রামের ফটিকছড়িতে আওয়ামী লীগের মিছিলে হেফাজতে ইসলাম ও জামায়াতে ইসলামীর হামলার ঘটনার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ফটিকছড়িতে ‘শান্তিপূর্ণ’ মিছিলে যেভাবে তারা হামলা করে পিটিয়ে মানুষ হত্যা করেছে, তা অতীতের সকল ‘বর্বরতাকে’ হার মানায়। তারা আবার হুমকি দিচ্ছে সারা দেশে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাবে।
তিনি বিএনপি-জামাতের এই নারকীয় তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
বিরোধী দলের উপর্যুপরি হরতাল কর্মসূচিরও কঠোর সমালোচনা করেন শেখ হাসিনা।
তিনি বলেন, দেশে যখন এসএসসি, এইচএসসি পরীক্ষা চলছে, তখন বিরোধী দলীয় নেত্রী কোমলমতি পরীক্ষার্থীদের ‘জিম্মি’ করে একের পর এক হরতাল দিয়ে তাদের শিক্ষাজীবন ধ্বংস করে দেয়ার চেষ্টা করছেন।
“কারণ, তিনি [খালেদা] যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলেন, তখন অংক আর উর্দু বিষয়ে পাস করেছিলেন। তিনি নিজে যখন এসএসসি পরীক্ষা পাস করতে পারেননি, তাই তিনি [খালেদা] চাননা আর কেউ এসএসসি পরীক্ষা পাস করুক।”
প্রধানমন্ত্রী দাবি করেন যে, বিরোধী দলের নেতা তার দুই ছেলেকেও ‘দুর্নীতি, খুন, লুটপাট, মানিলন্ডারিং’-এ পাস করিয়েছেন।
প্রধানমন্ত্রী বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, তার সরকার ক্ষমতা গ্রহণের সময় দেশে ভয়াবহ বিদ্যুৎ সংকট ছিল। চার বছরে বিদ্যুৎ সমস্যার সমাধান করা হয়েছে।
“দেশের গরিব মানুষ ভালো থাকলে অনেকের ভালো লাগে না। আমাদের বিরোধী দলের নেত্রীরও ভালো লাগছে না।”
শেখ হাসিনা আরো বলেন, তথ্য প্রযুক্তিতে দেশ আজ বিশ্ব দরবারে আপন অবস্থান করে নিয়েছে। আজ দেশের মানুষের হাতে হাতে মোবাইল ফোন রয়েছে। এটা আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে। বিএনপি আমলে যে মোবাইল ফোন বিক্রি হয়েছে এক থেকে দেড় লাখ টাকায়, এই সরকারের আমলেই সেই মোবাইল ফোন এক হাজার টাকা থেকে ১২শ টাকায় মানুষ কিনতে পারছে।
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব, সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, বুড়িচং-ব্রাক্ষণপাড়া আসনের সংসদ সদস্য আব্দুল মতিন খসরু, বরুড়া-সদর দক্ষিণ আসনের সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল, মনোহরগঞ্জ-লাকসাম আসনের সংসদ সদস্য তাজুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আফজল খান প্রমুখ।
এর অাগে প্রধানমন্ত্রী প্রতিটি এক হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতার ৫টি খাদ্য গুদাম, কুমিল্লা জেলা রেজিস্ট্রি অফিস, দাউদকান্দিতে বিভাগীয় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কুমিল্লা জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যা থেকে ৫০০ শয্যায় উন্নীতকরণ, দাউদকান্দি ও হোমনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কেন্দ্র, হোমনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, যুব প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রাবাস, ছাত্রী নিবাস, অফিস ভবন ও ডরমেটরি ভবন, মনোহরগঞ্জ উপজেলা পরিষদ ভবন, তিতাস উপজেলায় ৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, শেখ ফজিলাতুন্নেসা বহুমুখী কারিগরি কলেজের শিক্ষা ও প্রশাসনিক ভবন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, সমন্বিত মানসম্পন্ন উদ্যান উন্নয়ন প্রকল্পের (২য় পর্যায়) অফিস কাম প্রসেসিং এন্ড ট্রেনিং সেন্টার ভবন, ১০ মেগাওয়াট ৩৩/১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র, ১৯ কিলোমিটার ৩৩ কেভি সোর্স লাইন এবং ব্রাহ্মণপাড়া উপজেলা হাসপাতালকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ, ফেঞ্চুগঞ্জ-বিবিয়ানা-কুমিল্লা ২৩০ কেভি সঞ্চালন লাইন এবং চান্দিনা-ইলিয়টনগঞ্জ-কৃষ্ণপুর সড়কের উদ্বোধন করেন।
এছাড়া সকাল ১০টার দিকে তিনি কুমিল্লার মুরাদনগরে শ্রীকাইল গ্যাস ফিল্ডের গ্যাস কুপ খনন এবং ১ কিলোমিটার আন্তঃসংযোগ পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সঞ্চালন কার্যক্রমের উদ্বোধন করেন।
পরে বেলা সাড়ে ১১টায় কুমিল্লায় নজরুল ইনস্টিটিউটের উদ্বোধন করেন শেখ হাসিনা।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নতুন প্রজন্মকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য কর্মের প্রতি উৎসাহী করে তুলতে সংশ্লিষ্ট সকলকে আরও গবেষণার আহ্বান জানান।
তিনি বলেন, কবি নজরুল ছিলেন প্রেমের কবি, সাম্যের কবি, মানবতার কবি।
শেখ হাসিনা উল্লেখ করেন, বঙ্গবন্ধু ঐতিহাসিক ‘জয়বাংলা’ শ্লোগান নজরুলের কবিতা থেকে নিয়েছেন। বঙ্গবন্ধু স্বাধীনতার পর কবিকে দেশে ফিরিয়ে আনেন এবং জাতীয় কবির মর্যাদা প্রদান করেন।
প্রধানমন্ত্রী মজা করে বলেন, “কুমিল্লা কবি নজরুলের শ্বশুর বাড়ি, জামাইয়ের যাতে অমর্যাদা না হয় সেদিকে কুমিল্লাবাসীকে খেয়াল রাখতে হবে।”
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ, রেলওয়ে মন্ত্রী মুজিবুল হক, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব রণজিত কুমার বিশ্বাস ও নজরুল ইনস্টিটিউটের চেয়ারম্যান রশিদ হায়দার অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
