২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফটিকছড়িতে ৩ শিবিরকর্মী গ্রেপ্তার

ফটিকছড়ির ভুজপুরে আওয়ামী লীগের মিছিলে হামলায় জড়িত থাকার অভিযোগে ইসলামী ছাত্রশিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2013, 06:01 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

গত ১১ এপ্রিলের ওই হামলায় জড়িতদের গ্রেপ্তারের জন্য হাই কোর্ট ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেয়ার কয়েক ঘণ্টার মধ্যে এই তিনজকে গ্রেপ্তার করা হল।

এদিকে এর আগে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর নেতা শফিউল্লাহ নুরীসহ ৪২ জনকে মঙ্গলবারই রিমান্ডে পাঠিয়েছে আদালত।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফরিদউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বিকালে চট্টগ্রাম মহানগরীর একটি বেসরকারি ক্লিনিক থেকে তিন শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- সাদ্দাম, সেকান্দার ও ইলিয়াস। তিনজনই ভুজপুরের কাজিরহাট এলাকার বাসিন্দা।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, ইলিয়াস ছাড়া বাকি দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের পাহারায় চিকিৎসা দেয়া হচ্ছে।

“ওই দিনের হামলায় এই তিনজন প্রত্যক্ষভাবে অংশ নিয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে,” বলেন ফরিদউদ্দিন।

গত ১১ এপ্রিল দুপুরে ফটিকছড়ি উপজেলার ভুজপুরের কাজীরহাটে মসজিদের মাইকে মিথ্যা গুজব ছড়িয়ে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলের ওপর হামলা হয়, যাতে জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলামের কর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে।

হামলায় স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগের তিন নেতাকর্মী নিহত হন, আহত হন দেড়শতাধিক। পুড়িয়ে দেয়া হয় মিছিলের সঙ্গে থাকা দুই শতাধিক মোটরসাইকেল, কার, মাইক্রোবাস, পিকআপ ও জিপ।

ঘটনার পর পুলিশ ভুজপুরসহ ফটিকছড়ির বিভিন্ন ইউনিয়ন থেকে স্থানীয় নেতা শফিউল্লাহ নুরীসহ ৪২ জনকে গ্রেপ্তার করা হয়, যাদের অধিকাংশই জামায়াত-শিবিরের কর্মী।

পুরনো খবর:

‘ফটিকছড়ির হামলাকারীদের গ্রেপ্তারে সময় ৪৮ ঘণ্টা’
ফটিকছড়ি হামলা: গ্রেপ্তাররা রিমান্ডে