‘ফটিকছড়ির হামলাকারীদের গ্রেপ্তারে সময় ৪৮ ঘণ্টা’
ফটিকছড়িতে হরতালবিরোধী মিছিলে হামলায় হতাহতের ঘটনায় জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন আমলে নিয়ে মঙ্গলবার বিচারপতি মো. রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেন স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।
এ ঘটনায় কী পদক্ষেপ নেয়া হয়েছে-৭২ ঘণ্টার মধ্যে তা প্রতিবেদন আকারে আদালতে জমা দেয়ারও নির্দেশ দিয়েছে আদালত।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায় বলেন, একইসঙ্গে এই ধরনের নিষ্ঠুর ও জঘন্য কাজের সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেপ্তারে আদালত রুল জারি করেছে। দুই সপ্তাহের মধ্যে পুলিশের মহাপরিদর্শক, চট্টগ্রাম উপ-মহাপরিদর্শক, চট্টগ্রাম জেলার এসপি ও ফটিকছড়ির ওসিকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
ইংরেজি দৈনিক ডেইলি স্টারে গত ১২ এপ্রিল প্রকাশিত ‘হরতাল অ্যাট কস্ট অব পিপল’ শিরোনামে একটি প্রতিবেদন আমলে নিয়ে আদালত এই আদেশ দেয়।
হরতালের বিরোধিতা করে গত ১১ এপ্রিল দুপুরে আওয়ামী লীগের মিছিলে হামলার পর এই সংঘর্ষ বাঁধে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় নিহত হয় তিন জন।
নিহত তিন জনকেই দলীয় কর্মী বলে দাবি করেছেন গত সংসদ নির্বাচনে ফটিকছড়ি থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগ নেতা এ টি এম পেয়ারুল ইসলাম, যার নেতৃত্বে ওই মিছিলটি বের হয়।
