ফটিকছড়ি হামলা: গ্রেপ্তাররা রিমান্ডে
ফটিকছড়ির ভুজপুরে আওয়ামী লীগের মিছিলে হামলার ‘উসকানিদাতা’ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা শফিউল্লাহ নুরীসহ ৪২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু সালেম মোহাম্মদ নোমান তাদেরকে পৃথক মেয়াদে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
নুরীসহ ৩২ আসামির প্রত্যেককে তিন দিন করে এবং অন্য ১০ জনকে দুদিনের রিমান্ডে পাঠান বিচারক।
তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়েছিল বলে ভুজপুর থানার ওসি অং শা থোয়াই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
হামলায় স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগের তিন নেতাকর্মী নিহত হন, আহত হন দেড়শতাধিক। পুড়িয়ে দেয়া হয় মিছিলের সঙ্গে থাকা দুই শতাধিক মোটরসাইকেল, কার, মাইক্রোবাস, পিকআপ ও জিপ।
ঘটনার পর পুলিশ ভুজপুরসহ ফটিকছড়ির বিভিন্ন ইউনিয়ন থেকে ৪২ জনকে গ্রেপ্তার করে, যাদের অধিকাংশই জামায়াত-শিবিরের কর্মী।
ভুজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা জামায়াতের আমির শফিউল্লাহ নুরী হামলায় উসকানি দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
