২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বড় হুজুরকে’ তুলে নেয়ার গুজব ছড়িয়ে হামলা

মসজিদে হামলা এবং স্থানীয় মাদ্রাসার ‘বড় হুজুরকে’ তুলে নিয়ে যাওয়ার গুজব ছড়িয়ে ফটিকছড়িতে হামলা চালানো হয় হরতালবিরোধী মিছিলে, যাতে নিহত হয় তিন জন।

মিন্টু চৌধুরী

ভুজপুর থেকে ফিরে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2013, 05:20 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

গত বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুরে এ হামলার শিকার হন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ছাত্রশিবিরের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে গ্রামবাসীকে প্ররোচিত করে এ হামলা চালায় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রত্যক্ষদর্শী, স্থানীয় জনপ্রতিনিধি, হামলার শিকার লোকজন, আওয়ামী লীগ নেতা, পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, হরতালবিরোধী মিছিলটি ভুজপুর থানার কাজীর হাটে পৌঁছালে স্থানীয় কাজীর হাট বড় মাদ্রাসা থেকে মাইকে ঘোষণা দেয়া হয়, ছাত্রলীগের সন্ত্রাসীরা ভুজপুরের কাজীর হাট জামে মসজিদে হামলা করেছে। হামলার পর তারা মসজিদ সংলগ্ন এমদাদুল ইসলাম মাদ্রাসার বড় হুজুর মাওলানা জালাল আহমেদকে তুলে নিয়ে যাচ্ছে।

জালাল আহমেদ ওই এলাকার সবচেয়ে বড় এ মাদ্রাসার সাবেক অধ্যক্ষ। বর্তমানে মাদ্রাসার কোনো দায়িত্বে না থাকলেও এলাকায় ‘বড় হুজুর’ নামে পরিচিত।

কাছাকাছি সময় ভুজপুর ইউনিয়নের অন্য সাত-আটটি মসজিদ থেকেও একই  ধরনের ঘোষণা দিয়ে সবাইকে কাজীর হাট বাজারে আসতে বলা হয়।

এরপর দ্রুত জড়ো হয়ে দুইদিক থেকে আওয়ামী লীগের হরতালবিরোধী শোভাযাত্রায় লাঠি, চাপাতি, ইট নিয়ে হামলে পড়ে গ্রামবাসী।

প্রত্যক্ষদর্শী গ্রামবাসীরা জানান, কাজীর হাট জামে মসজিদে হামলা হয়েছে বলে মাইকে ঘোষণা দিলে অল্প কিছুক্ষণের মধ্যে বাজারে কয়েক হাজার মানুষ জড়ো হয়ে হরতালবিরোধী শোভাযাত্রায় হামলা করে।

ওই বাজার এলাকার বাসিন্দা রিকশা চালক বদি আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের লোকজন যখন মিছিল নিয়ে কাজীর হাটে পৌঁছায় তখন জামায়াতের ২০ থেকে ২৫ জন লোক ছিল। মিছিল থেকে ‘হৈ হৈ রৈ রৈ/ জামাত-শিবির গেল কই’ স্লোগান দিলে তাদের সঙ্গে জামায়াতের নেতাকর্মীদের কথা কাটাকাটি। এ সময় উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

“এর মধ্যে মাইকে মসজিদে হামলা এবং স্থানীয় কাজীর হাট এমদাদুল ইসলাম মাদ্রাসার  বড় হুজুরকে তুলে নিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়।”

তখন চারদিক থেকে মানুষ ছুটে এসে হরতালবিরোধীদের ওপর হামলা করে।

কেন্দ্রীয় সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদে ওই দিন সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে ছাত্রশিবির। তাদের হরতাল প্রত্যাখ্যান করে ওই সংসদীয় আসন থেকে গত নির্বাচনে পরাজিত প্রার্থী এটিএম পেয়ারুল ইসলামের নেতৃত্বে বের হয় হরতালবিরোধী মিছিল।

চারশ মোটরসাইকেল, জিপ, পিকআপসহ কয়েক হাজার কর্মী ফটিকছড়ির আজাদী বাজার থেকে বের হয় ওই মিছিল। ভুজপরের কাজীর হাটে গেলে এ হামলার মুখে পড়েন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভুজপুর থানার ফটিকছড়ি-হেয়াকো সড়কের কাজীর হাট, ফকিরহাট, কালাইয়ার টেক, বণিকপাড়া এলাকায় সড়কে অবরোধ সৃষ্ট করে দুইদিক থেকে রাম দা-কিরিচ-চাপাতি-লাঠি ও ইট নিয়ে মিছিলকারীদের ওপর হামলা করা হয়।

প্রায় দেড় ঘণ্টা ধরে একপেশে এ হামলায় স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের তিন কর্মী নিহত হয়, আহত হয় অন্তত দেড়শ’ জন।

আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, নুরুছ্ছাফা নামে তাদের এক কর্মী এখনো নিখোঁজ রয়েছেন।

প্রশাসনের হিসেবে হামলাকারীরা শোভাযাত্রায় অংশ নেয়া দুইশ’ মোটরসাইকেল, তিনটি প্রাইভেট কার, তিনটি জিপ, পাঁচটি পিকআপ, একটি মাইক্রোবাস ও ফায়ার সার্ভিসের একটি গাড়ি পুড়িয়ে দিয়েছে।

মিছিলের নেতৃত্বে থাকা আওয়ামী লীগ নেতা পেয়ারুল ইসলাম বলেন, জামায়াত-শিবির ও হেফাজত ইসলামের কিছু নেতাকর্মী পরিকল্পিতভাবে তালেবানি কায়দায় তাদের ওপর হামলা চালায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ভুজপুর থানা জামায়াতের আমির ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিউল আলম নূরী মসজিদের মাইক থেকে মসজিদে হামলার ঘোষণা দিয়ে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।”

পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে পুলিশ কর্মকর্তারাও মনে করছেন।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফরিদ উদ্দিন শনিবার দুপুরে ভুজপুর থানায় বসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাথমিক তদন্ত এবং আটকদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য মতে বোঝা যাচ্ছে- জামায়াত-শিবিরের লোকজন পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।এজন্য তারা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল।

তিনি বলেন, “যারা মিছিল নিয়ে এসেছে তাদের মধ্যে ভুজপুরের কেউ ছিল না। মসজিদের মাইক থেকেও ঘোষণা দেয়া হয় বাইরে থেকে লোক এসে হামলা করেছে। এলাকার জনসাধারণের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে হুজুগ তৈরি করে তারা হামলা করেছে।”

যে মাদ্রাসার বড় হুজুরকে তুলে নিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয় সেই এমদাদুল ইসলাম মাদ্রাসার পরিচালক ও বড় হুজুরের ছেলে মাওলানা জোনায়েদ বিন জালাল বলেন, জোহরের নামাজ পড়ার সময় মসজিদে হামলা হয়েছে বলে মাইকে ঘোষণা দেয়া হয়। মসজিদে হামলার বিষয়টি শুনে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে বেরিয়ে আসে।

মসজিদের জানালার একটি কাচ ভাঙা হয় জানিয়ে তিনি বলেন, “মিথ্যা গুজব ছড়িয়ে এ হামলা ষড়যন্ত্র হতে পারে।”

হত্যা- অরাজকতা কখনোই কোনো ধর্ম বৈধতা দেয় না বলেও মন্তব্য করেন তিনি।

এ হামলায় হেফাজতে ইসলামের কোনো সংশ্লিষ্টতা আছে কি না জানতে চাইলে কওমি মাদ্রাসার এই পরিচালক বলেন, “আমরা হাটহাজারী মাদ্রাসার অনুসারী হিসেবে হেফাজতের সমর্থক হলেও ফটিকছড়িতে এর কোনো কমিটি নেই। ঘটনার সময় আমাদের মাদ্রাসার দুটি ফটক বন্ধ ছিল এবং কেউ বের হয়নি।” 

ভুজপুর এখনো থমথমে

এদিকে হামলার তৃতীয় দিনেও স্বাভাবিক হয়নি ভুজপুর এলাকার জনজীবন। শুক্রবার রাতেই ১৪৪ ধারা প্রত্যাহার হলেও কাজীর হাটের হাতেগোনা কয়েকটি দোকান খুলেছে।

এই বাজারে ৬০৩টি দোকান থাকলেও শনিবার সেখানে হাতেগোনা কয়েকটি দোকান খোলা থাকতে দেখা যায়। পুরো এলাকায় রয়েছে এক ধরনের ‘দমবন্ধ’ ভাব। 

শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ভুজপুরের কাজীর হাট ও হামলাস্থলের আশপাশের এলাকায় ঘুরে দেখা যায়, গ্রেপ্তার আতঙ্কে বিভিন্ন পরিবারের অধিকাংশ পুরুষ গ্রামছাড়া।  গ্রামের মহিলা বা যে কয়েকজন তরুণ আছেন তারা কেউই ভয়ে কথা বলতে রাজি হয়নি।

ভুজপুর ইউনিয়নের বিভিন্ন পাড়ায় পুলিশ, বিজিবি ও র‌্যাব সদস্যদের টহল চলছে।

এই ইউনিয়নে এক প্লাটুন বিজিবি, দেড়শ’ পুলিশ ও এক প্লাটুন র‌্যাব সদস্য মোতায়েন রয়েছে বলে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের কর্মকর্তারা জানান।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জনা খান মজলিস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভুজপুর এলাকার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে।

জানতেন না স্থানীয় আ’লীগ নেতারাও

ফটিকছড়ির আজাদীবাজার থেকে এটিএম পেয়ারুল ইসলামের নেতৃত্বে যাওয়া হরতালবিরোধী ওই মিছিলের কথা জানতেন না বলে ভুজপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা দাবি করেছেন।

ইউনিয়ন সভাপতি মাহবুবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিছিল আসার বিষয়ে আমরা আগে জানতে পারিনি।”

হামলার বিষয়ে তিনি বলেন, “মিছিল আসার পর কাজীর হাট মসজিদ থেকে এলামেলো কথা আসে। পরে তা অন্যান্য মসজিদে ছড়িয়ে পড়ে এবং ঘোষণা দেয়া হয়।”

মিছিলে স্থানীয় আওয়ামী লীগের কেউই অংশ নেয়নি বলে জানান স্থানীয় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন।

তিনি বলেন, “স্থানীয়ভাবে সংগঠন দুর্বল হওয়ায় কেউ হরতালবিরোধী মিছিলে যায়নি।”

স্থানীয় নেতাদের মিছিলের কথা না জানানোর বিষয়ে জানতে চাইলে পেয়ারুল ইসলাম বলেন, উপজেলা আওয়ামী লীগের সব নেতাকে জানিয়ে মিছিলটি করা হয়।

ভুজপুরে মিছিল যাওয়ার বিষয়টি স্থানীয় নেতারা জানতেন বলে দাবি করেন তিনি।

ভুজপুর ইউনিয়নে জনসংখ্যা প্রায় ৪০ হাজার, যার মধ্যে ভোটার প্রায় ২৪ হাজারের মতো।এদের মধ্যে চার থেকে পাঁচহাজার মানুষ হামলায় অংশ নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

পুলিশের নীরব ভূমিকা

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) ফরিদ উদ্দিন বলেন, ওই দিন হামলা বা সংঘর্ষ হতে পারে এমন কোনো খবর তাদের কাছে ছিল না।

পুলিশ সাধ্যমত পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে দাবি করে তিনি বলেন, “আমরা হামলাকারীদের ঠেকাতে প্রাণপণ চেষ্টা করেছি।” 

পুলিশের এ দাবি নাকচ করে আওয়ামী লীগ নেতা পেয়ারুল ইসলাম বলেন, হামলার সময় ভুজপুর থানার ওসিসহ অন্য পুলিশ সদস্যরা নীরব ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের কোনো চেষ্টা তারা করেনি।

অবহেলার কারণে শনিবার বিকালে দায়িত্বে ভুজপুর থানার ওসি শামসুদ্দিন ভূইয়াকে প্রত্যাহার করা হয়েছে। তার জায়গায় দায়িত্ব দেয়া হয়েছে থানার পরিদর্শক (তদন্ত) অংশা থোয়াইকে।

খোঁজ নিয়ে জানা যায়, পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত ভুজপুর থানার নিরাপত্তার দায়িত্বে আছেন মোট ৩৫ জন পুলিশ সদস্য। বৃহস্পতিবার জামায়াতের হরতাল থাকায় ভুজপুর থানার ওসি সামসুদ্দিন অতিরিক্ত আরও ২০ জন পুলিশ সদস্য চেয়ে নিয়েছিলেন।

চার মামলা, আটক ৪০

এ ঘটনায় ভুজপুর থানায় মোট চারটি মামলা হয়েছে, যার একটি করেছেন উপ-পরিদর্শক (এসআই) নুরুন্নবী। নিহত তিন জনের পরিবারের পক্ষ থেকে পৃথক তিনটি হত্যা মামলা করা হয়েছে।

এ হামলা ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শনিবার রাত পর্যন্ত স্থানীয় জামায়াতের আমীর শফী নূরীসহ ৪০ জনকে আটক করেছে পুলিশ।

পুরনো খবর:

ভুজপুর থানার ওসি প্রত্যাহার
ফটিকছড়িতে হরতালবিরোধী মিছিলে হামলা, নিহত ৩