ভুজপুর থানার ওসি প্রত্যাহার
ফটিকছড়িতে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলে হেফাজত-জামায়াতের হামলার তিন দিনের মাথায় প্রত্যাহার করা হয়েছে ভুজপুর থানার ওসিকে।
শনিবার বিকালে ভূজপুর থানার ওসি শামসুদ্দিন ভূইয়াকে প্রত্যাহার করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফরিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় প্রশাসনিক কারণেই তাকে প্রত্যাহার করা হয়েছে।”
থানার পরিদর্শক (তদন্ত) অং শা থোয়াইকে ওসির দায়িত্ব দেয়া হয়েছে বলেও জানান তিনি।
গত বৃহস্পতিবার ভুজপুরের কাজীর হাট বাজার এলাকায় ‘উস্কানি ছড়িয়ে’ আওয়ামী লীগ-ছাত্রলীগের মিছিলে হামলা করে হেফাজত ও জামায়া কর্মীরা।
এ ঘটনায় তিনজন নিহত এবং দেড়শতাধিক লোক আহত হয়। পোড়ানো হয় অন্ততপক্ষে দুইশ’ মোটর সাইকেলসহ পিকআপ, প্রাইভেটকার ও জিপ।
ঘটনার পর ভুজপুর থানা জামায়াতের আমিরসহ ৪০ জনকে আটক করা হয়েছে।
