২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফটিকছড়ি ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি নাসিমের

ফটিকছড়িতে হরতালবিরোধী মিছিলে হামলা ও তিন ছাত্রলীগ কর্মীকে হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2013, 11:59 AM

Updated : 23 Aug 2022, 10:34 AM

স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “অতিদ্রুত ওই এলাকায় চিরুনী অভিযান চালিয়ে হলেও খুনিদের গ্রেপ্তার করুন। কারণ দেশের জনগণ এই খুনিদের বিচার শিগগির দেখতে চায়।”

জাতীয় প্রেসক্লাবে মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত সভায় বলছিলেন মোহাম্মদ নাসিম।

চট্টগ্রামের ফটিকছড়িতে গত বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একটি হরতাল বিরোধী মোটর শোভাযাত্রায়, জামায়াত-শিবির ও হেফাজতে ইসলামের হামলায় তিনজন নিহত ও শতাধিক আহত হয়। 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম বলেন, “ফটিকছড়িতে আগেও এ ধরনের বর্বরতা হয়েছে। জামায়াত-শিবিরের এই নারকীয় হত্যাকাণ্ড কোনভাবেই সালাউদ্দিন কাদের ও তার দল অস্বীকার করতে পারে না।”

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনি ফটিকছড়ির মতো হত্যাকাণ্ড ঘটিয়ে ক্ষমতায় আসতে পারবেন না। আপনি একমাত্র নেত্রী যিনি এ ঘটনায় নিন্দা জানান নাই। বেগম খালেদা জিয়া আপনি একজন মহিলা হয়েও মহিলা সাংবাদিকদের উপর হামলার নিন্দা জানান নাই। গণতন্ত্রের প্রতি আপনার দায়িত্ব পালন করছেন না।”

সংগঠনের উপদেষ্টা হাজি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে সভায় গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।